চট্টগ্রামে সিএনজি অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ
সিএনজি অটোরিকশার ভাড়া ন্যূনতম ৩৫ টাকা করার দাবিতে আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন অটোরিকশার শ্রমিকেরা। এ সময় তাঁরা প্রথম দুই কিলোমিটারের পর পরবর্তী কিলোমিটার প্রতি মাত্র ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন।চট্টগ্রাম মহানগর অটোরিকশা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে প্রচারপত্র বিতরণ করা হয়। এতে উল্লেখ করা হয়, অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৩০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১০ টাকা করতে হবে। এ ছাড়া ন্যূনতম ভাড়া ৩৫ টাকা করার দাবি জানানো হয়। সরকার ঘোষিত গেজেটে প্রথম দুই কিলোমিটারের ভাড়া আগের মতো ২৫ টাকা রাখা হয়। এ ছাড়া পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা থেকে বাড়িয়ে সাত টাকা ৫০ পয়সা করা হয়েছে। অপেক্ষা চার্জ এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৩০ পয়সা করার সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। অটোরিকশার শ্রমিকেরা এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানান। সমাবেশে তাঁরা বলেন, এসব সিদ্ধান্ত বাতিল করে তাঁদের দাবি অনুযায়ী ভাড়া নির্ধারণ করতে হবে। সমাবেশে কল্যাণ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক হারুন হাওলাদার, শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।