চট্টগ্রামে সিএনজি অটোরিকশাচালক খুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সাতকানিয়ার কেরানিহাটের নয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত চালকের নাম মো. সেলিম (৪০)। তিনি লোহাগাড়ার গোলাম নবী হাজিপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. হায়দার (২০) ও মো. মহিউদ্দিন (১৮)। তাঁরা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। পুলিশের কাছে তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন।সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক জানিয়েছে, তারা গতকাল রাতে আমিরাবাদ থেকে সাতকানিয়া আসার কথা বলে ২০০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে। অটোরিকশাটি সাতকানিয়ার নয়া খালের কাছে গেলে চলন্ত গাড়িতে চালককের গলার ডানপাশে ছুরিকাঘাত করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় অটোরিকশাটি উল্টে যায়। ওই সময় পেছনের একটি গাড়ির আলো পড়ায় তারা জঙ্গলে লুকিয়ে থাকে।’পুলিশ জানায়, রাত সাড়ে তিনটার দিকে যাত্রীবেশী দুই ছিনতাইকারী জঙ্গল থেকে বের হলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে মামলা হয়েছে।