চট্টগ্রামে সিএনজি স্টেশন সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাটালি হিলের লালখান মৌজার রেইনবো সিএনজি স্টেশনটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।জানা যায়, ২০০৬ সালে বাটালি হিলে রেইনবো সিএনজি স্টেশন প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিপূর্বে লালখান মৌজার ওই জায়গা উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত করে। সেখানে সিএনজি স্টেশন করায় পরিবেশ অধিদপ্তরেরও আপত্তি ছিল। এরই পরিপ্রেক্ষিতে বেলা হাইকোর্টে রিট করলে আদালত রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ নির্দেশ দেন । আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির, রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী নাঈম আহমেদ শুনানি করেন।ইকবাল কবির জানান, আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সরকার, রেলওয়ে কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরসহ ১০ জনকে রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।