চট্টগ্রামে সেতুসহ চার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার চট্টগ্রামে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন। চট্টগ্রামে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে তিনি শিকলবাহায় নবনির্মিত ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে ফার্নেস অয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এরপর কর্ণফুলী নদীর ওপর নির্মিত শাহ আমানত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। এ ছাড়া প্রধানমন্ত্রী কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের সদর দপ্তর ও আদালত ভবনের উদ্বোধন করেন।প্রায় এক কিলোমিটার দীর্ঘ নবনির্মিত শাহ আমানত সেতু কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার সঙ্গে চট্টগ্রাম ও অন্যান্য জেলার সহজ যোগাযোগের সুযোগ করে দিয়েছে। উদ্বোধন শেষে ওই সেতুর ওপর গাড়ির বহর নিয়ে প্রধানমন্ত্রী মূল শহরে ঢোকেন। এরপর তিনি ষোলশহর এলাকায় নবগঠিত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের সদর দপ্তর উদ্বোধন করেন। এ ভবনটি আগে বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহূত হতো। বাখরাবাদ গ্যাস কোম্পানির সদর দপ্তর কুমিল্লায় হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের শিল্পপতি-ব্যবসায়ীদের গ্যাস সংযোগের জন্য নানা বিড়ম্বনায় পড়তে হতো। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষ আলাদা একটি গ্যাস কোম্পানি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। এখন চট্টগ্রামবাসীর সেই দাবি পূরণ হলো।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংকট আছে। এই সংকট আমাদের সৃষ্টি নয়। আমরা ক্ষমতায় এসে এই সংকট সমাধানের চেষ্টা করছি। চট্টগ্রাম দেশের দ্বিতীয় রাজধানী। চট্টগ্রামকে সত্যিকার বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।’ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হকও অনুষ্ঠানে বক্তব্য দেন। এসব উদ্বোধনের সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জমান চৌধুরী, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না: বিকেল সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের নবনির্মিত আদালত ভবনের উদ্বোধন করেন। নতুন আদালত ভবন উদ্বোধনের পর আইনজীবী ও সুধীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ করারও প্রতিশ্রুতি দেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘২০০০ সালের এপ্রিলে পুরোনো আদালত ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করে নতুন আদালত ভবন নির্মাণের প্রকল্প আমি অনুমোদন করি। আল্লাহর ইচ্ছা ছিল বলে আজ নতুন আদালত ভবন আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছে।’ প্রধানমন্ত্রী স্মৃতিচারণা করে বলেন, ‘ছোটবেলায় চট্টগ্রামে যতবার এসেছি, এই আদালত ভবন দেখতে আসতাম।’ অনুষ্ঠানে মেয়র মন্জুর আলম ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সামনের সারিতে পাশাপাশি বসা ছিলেন। প্রধানমন্ত্রী রসিকতা করে মন্জুরের দিকে তাকিয়ে বলেন, ‘এবার আমরা চট্টগ্রামের মেয়র পদে জিততে পারিনি। যিনি জিতেছেন তিনি আমাদের দলের ছিলেন। মহিউদ্দিন চৌধুরী নাকি উনাকে ২০ বার ভারপ্রাপ্ত মেয়র করেছেন। মেয়র হওয়ার প্রলোভনে পড়ে উনি আপন ঘর ছেড়ে অন্য ঘরে চলে যান। আমাদের ঘরের ছেলে অন্য দল থেকে মেয়র হয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা মেয়র পদে না জিতলেও চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’ প্রধানমন্ত্রী এ সময় হেসে হেসে বিখ্যাত একটি পঙিক্ত আওড়ান, ‘মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না?’ তিনি বলেন, ‘শেকড় ছেড়ে চলে গেলে ভালো হয় না। কোনো এক সময় আবার শেকড়ের সন্ধান করতে হয়।’ অনুষ্ঠান শেষে বিকেল পাঁচটার দিকে প্রধানমন্ত্রী পতেঙ্গায় বিমানবাহিনীর বিএএফ জহুরুল হক ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।