চট্টগ্রামে সোমবারের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সমমনা ১২টি ধর্মভিত্তিক দলের ডাকা আগামী সোমবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘সোমবার হাটহাজারী কলেজ মাঠে হেফাজতে ইসলামের সমাবেশ রয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আমাদের হরতাল না করার অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ আরেক প্রশ্নের জবাবে মুফতি ইজহারুল বলেন, ‘হেফাজতে ইসলামের সমাবেশের কথা আমরা আগে জানতাম না।’গতকাল শুক্রবার চট্টগ্রামে বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত দুটি পত্রিকা ও একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলার প্রতিবাদে সমমনা ১২টি ইসলামি দল ও শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ হরতালের ডাক দেয়। ওই দিন জুমার নামাজের পর কয়েকটি ধর্মভিত্তিক দলের নামে বের করা মিছিল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ ও প্রেসক্লাবে হামলা চালানো হয়। পরে বিক্ষুব্ধ জনতা নগরের জামালখান ও জুবিলি রোডে দুটি পত্রিকা ও একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয় ভাঙচুর করে।