চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত, যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের বিক্ষুব্ধ ছাত্ররা অন্তত ২৫-৩০টি যানবাহন ভাঙচুর করেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদের নাম মো. আবসার মিয়া ও পাপ্পু হাসান। তাঁরা দুজনেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস ওই দুই ছাত্রকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রদের মধ্যে আবসারের বাড়ি হাটহাজারীর বালুচরা ও পাপ্পুর বাড়ি নন্দিরহাট। দুর্ঘটনার খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা এসে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে এবং বেপরোয়াভাবে যানবাহন ভাঙচুর করে। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী খুলশী থানার উপপরিদর্শক (এসআই) নওয়াব আলী দুপুরে প্রথম আলোকে জানান, অবরোধ অব্যাহত রয়েছে। তবে এ মুহূর্তে গাড়ি ভাঙচুর হচ্ছে না। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী সড়ক ছাড়াও নগরের সিডিএ এভিনিউ, মুরাদপুরের হাটহাজারী সড়ক ও আশপাশের সড়কগুলোতে শত শত যানবাহন আটকে যায়। ওই রুট দিয়ে উত্তর চট্টগ্রামে সব গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়।