চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সন্তোষ চাকমা নামের এক পুলিশ সদস্যর স্ত্রী নিহত হয়েছেন। তাঁর নাম স্বপ্না চাকমা। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সন্তোষ চাকমা ও তাঁর ছেলেমেয়ে গুরুতর আহত হয়েছেন।সন্তোষ চাকমা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের নায়েক। তাঁর বাড়ি রাঙামাটির বরকল উপজেলার শুভলং এলাকায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, সন্তোষ ছুটিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিবারের সদস্যদের নিয়ে রাঙামাটি যাচ্ছিলেন। বাসার কিছু মালামালসহ একটি ট্রাকে করে ফিরছিলেন তাঁরা। ওই ট্রাকের সঙ্গে ভোরে সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সন্তোষের স্ত্রী স্বপ্না চাকমাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সন্তোষ চাকমা (৩২), মেয়ে স্মরণিকা চাকমা (১০) ও ছেলে মিত্র চাকমা (২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।