চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
চট্টগ্রামের হজরত বায়েজিদ বোস্তামীর মাজারসংলগ্ন এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে এতে থাকা দুই শিশু। নিহত ব্যক্তিরা হলেন—মা নূরজাহান বেগম (৬০) ও ছেলে মো. বেলাল উদ্দিন (৪৫)। তাঁদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। বায়েজিদ থানার পুলিশ জানায়, মাজারসংলগ্ন প্রধান সড়কে মহানগর অভিমুখে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূরজাহান বেগম ও বেলাল উদ্দিন মারা যান।সংঘর্ষে গুরুতর আহত হয় নিহত বেলাল উদ্দিনের আট বছরের শিশু মো. তানবীর এবং তাঁর বড় ভাইয়ের মেয়ে ঝরনা (১০)। এ দুই শিশুর একটি বেসরকারি পরীক্ষা উপলক্ষে তারা গ্রামের বাড়ি ফটিকছড়িতে যাচ্ছিল।আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঝরনার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে। আহত দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।