চট্টগ্রামে হঠাৎ বেড়েছে ছিনতাই অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে বাসযোগে গত শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নেমেছিলেন আখতারুজ্জামান (৩৫)। পরে বান্দরবান যাওয়ার জন্য তিনি রিকশাযোগে বহদ্দারহাট বাস টার্মিনালে যাওয়ার পথে চান্দগাঁও থানা এলাকায় তিন-চারজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতের পর মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে পালিয়ে যায়। আহত আখতারুজ্জামান চিকিৎসা নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।এর আগের সপ্তাহে কোতোয়ালি থানার আসকার দীঘির পাড় এলাকায় সন্ধ্যায় রিকশা আরোহী সুমন বসাক ও তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় সিএনজি অটোরিকশা আরোহী তিন ছিনতাইকারী। এর দুই দিন আগে সন্ধ্যা সাতটার দিকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মজিবুল হক সিএনজি আটোরিকশায় করে সল্টগোলা রেলক্রসিং থেকে মুরাদপুর যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। মেরামতের নাম করে চালক অন্ধকার একটি জায়গায় অটোরিকশা থামানোর সঙ্গে সঙ্গে তিনজন লোক দ্রুত তাতে উঠে পড়ে। অটোরিকশা আবার চলতে শুরু করলে ওই তিনজন মজিবুলের গলায় ফাঁস দিয়ে রাখে এবং তাঁর কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে চোখেমুখে কাঁচা মরিচ কচলে দেয়। চার দিন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন।উপরিউক্ত ঘটনাগুলোর ব্যাপারে ভুক্তভোগীরা কেউ থানায় অভিযোগ করেনি। এ রকম ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য চট্টগ্রাম নগরে হঠাৎ বেড়ে গেছে। বেড়েছে দস্যুতা ও সন্ত্রাসীর ঘটনা। সিএনজি অটোরিকশা চুরি করে টাকা আদায়ের ঘটনাও ঘটছে। তবে এসব ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হচ্ছে কম। তাই এসব অপরাধের সঠিক পরিসংখ্যান পুলিশের কাছে নেই।পুলিশ কর্মকর্তারা মনে করছেন, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে মহানগর পুলিশের ব্যস্ততার সুযোগে অপরাধীরা গা-ঝাড়া দিয়ে উঠেছে। এ প্রসঙ্গে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় অপরাধ কিছুটা বেড়েছে বলে মনে হয়। এখন আমরা ছিনতাইকারী-মলম পার্টির তৎপরতা বন্ধে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নিচ্ছি।’ বিভিন্ন সূত্রে জানা গেছে, ১২ দিনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ১৪ জনকে নগরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় ছিনতাই, সন্ত্রাসী হামলা, মারামারি ও সিএনজি অটোরিকশা চুরিসংক্রান্ত ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় অন্তত ২০ জন।নগর পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে তিনটি খুন, দুটি ডাকাতিসহ সাতটি ঘটনা ঘটেছে। একই সময়ে সাতটি ধর্ষণসহ ১৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। এ ছাড়া দুটি অপহরণ, পাঁচটি সিঁধেল চুরি, চারটি গাড়ি চুরিসহ মোট চুরির ঘটনা ঘটে ১৯টি। পুলিশের হিসাবে চলতি মাসে ধর্ষণের ঘটনা ঘটে সাতটি।জানুয়ারি মাসে আটটি খুন ও তিনটি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়। একই সময়ে নারী নির্যাতনের ঘটনা ঘটে ২৭টি। ২৫টি চুরির ঘটনার বিষয়ে পুলিশ অবগত। তবে মারামারি বা বড় ধরনের সন্ত্রাসী হামলা ছাড়া ছিনতাই, মলম পার্টি, চুরি ও সিএনজি অটোরিকশা চুরির পর ভুক্তভোগীরা বেশির ভাগ ক্ষেত্রে ঝামেলার ভয়ে থানা পুলিশ এড়িয়ে চলে। বিশেষ করে অজ্ঞান পার্টির কবলে পড়া লোকজন থানায় অভিযোগ করে না। যেমন ১৫ ফেব্রুয়ারি দুজন এবং এর পরের দিন আরও দুজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ১৩ ফেব্রুয়ারি নিউমার্কেট, কাস্টমস ও পতেঙ্গা থেকে মোট তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পে এসব ঘটনার রেকর্ড রয়েছে। কিন্তু চিকিৎসা শেষে এরা কেউ থানায় অভিযোগ করেনি। এদিকে সিটি গেট এলাকায় ১৫ ফেব্রুয়ারি সিএনজি অটোরিকশা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন চালক মো. শাহ আলম। সুস্থ হয়ে তিনি বাসায় ফিরলেও ওই ঘটনায় কোনো মামলা করেননি।গত রোববার ইস্পাহানি মোড়ের কাছ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এর চার দিন আগে টাইগার পাস এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এ দুজনকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ওই দুই স্থানে ফেলে গেছে খুনিরা। ওই দুজনের পরিচয় এবং হত্যার কারণ গতকাল সোমবার পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি থেকে লালখান বাজারের ব্যাংক কর্মকর্তা মাহবুবুল আলম ওরফে স্বপন নিখোঁজ রয়েছেন। ১২ ফেব্রুয়ারি মাঝিরঘাট এলাকা থেকে নিখোঁজ হন সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অরুণ দাশ। এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধির কথা স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মলম পার্টি আবার একটু চাঙা হচ্ছে। ছিনতাই হচ্ছে কিছু কিছু। আমরা এটা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আশা করি সফলতা আসবে। মলম পার্টির একটি দলকে ধরতে পারলে সব দলকে ধরা সম্ভব হবে।’