চট্টগ্রামে হত্যাসহ ২২ মামলার আসামি জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল হোসেন ওরফে ‘মেজর’ ইকবাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রাউজান থানার একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহার করা হলে গত শুক্রবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে বের হন। ২০০৪ সালের ১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। ইকবাল একসময় বিলুপ্ত হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ক্যাডার ছিলেন।র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মেজর ইকবালের বিরুদ্ধে ২২টি মামলা আছে। ২০০২ সালে রাউজান থানায় তাঁর বিরুদ্ধে একটি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়। একে একে সব মামলায় জামিন পেলেও তিনি দীর্ঘদিন স্বেচ্ছায় কারাগারে ছিলেন। গত ৩১ মার্চ আদালত থেকে হাজিরা পরোয়ানা প্রত্যাহার হলে তিনি কারাগার থেকে মুক্তি পান।সূত্র জানায়, দাগি সন্ত্রাসীদের জামিনে বের হওয়ার আগে কারাগার কর্তৃপক্ষ পুলিশ ও র‌্যাবকে তথ্য দেয়। ইকবালের ক্ষেত্রেও কারাগার কর্তৃপক্ষ র‌্যাব ও পুলিশকে আগাম তথ্য দিয়েছিল।চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘আদালত থেকে হাজিরা পরোয়ানা প্রত্যাহারের আদেশ পাওয়ার পর আমরা ইকবালকে মুক্তি দিয়েছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি জেলার বলেন, ‘দাগি সন্ত্রাসীদের তালিকায় মেজর ইকবালের নাম আছে। এ কারণে আমরা র‌্যাব ও পুলিশকে ফোনে তাঁর জামিন পাওয়ার বিষয়টি জানাই। তবে পুলিশ-র‌্যাব কোনো ব্যবস্থা নেয়নি।’চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ বলেন, ‘একজন দাগি সন্ত্রাসী চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে বলে শুনেছি। তাঁর নাম নাকি বিডিআর সেলিম। মেজর ইকবাল বলে এখন আরেকজনের নাম আপনার কাছ থেকে জানলাম। তবে জামিনে বেরিয়ে আবার ঝামেলা করলে তাঁকে ধরা পড়তে হবে। আমরা তাঁর ওপর নজর রাখব।’ বিডিআর সেলিম জামিনে বেরিয়ে দুবাইয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তাঁকে র‌্যাব-পুলিশ খুঁজছে।পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, ১৯৮৯ সালে উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোহাম্মদ বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) মজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করার মধ্য দিয়ে মেজর ইকবাল আলোচনায় আসেন। ১৯৯৩ সালে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন ওরফে রাজুকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। এ মামলার প্রধান আসামি তিনি। রাউজানের দুই ভাই টিটু ও মিঠুকে একসঙ্গে হত্যা, মুক্তিযোদ্ধা নিহার কান্তি বিশ্বাস হত্যা, ইকবাল ও জামিল নামে ছাত্রলীগের দুই কর্মীকে একসঙ্গে হত্যাসহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি তিনি।অভিযোগ রয়েছে, সাকা চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর অন্যতম ক্যাডার হিসেবে মেজর ইকবাল রাউজানে বেশ কয়েকটি খুন করেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাকা বাহিনীর সদস্য হিসেবে তিনি সন্ত্রাস ও হত্যাকাণ্ড ঘটাতেন। সাকা ১৯৯১ সালে নতুন রাজনৈতিক দল এনডিপি গঠন করলে মেজর ইকবাল ওই দলে যোগ দেন। সাকা ১৯৯৬ সালে এনডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন। ইকবালও সাকার সঙ্গে দলবদল করেন। পরে তিনি আবার দলবদল করে আওয়ামী লীগে যোগ দেন।চট্টগ্রাম কারাগার সূত্র জানায়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও শিবির ক্যাডার নাছির, ফাইভস্টার জসিম, মাছ কাদেরসহ বিভিন্ন দাগি সন্ত্রাসীর সঙ্গে চট্টগ্রাম কারাগারে ইকবালের সখ্য গড়ে ওঠে। কারাগারে মাঝেমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ইকবালসহ দাগি সন্ত্রাসীদের ইন্ধন ছিল। এ কারণে চট্টগ্রাম কারাগার থেকে দাগি সন্ত্রাসীদের স্থানান্তর করে কুমিল্লা ও সিলেট কারাগারে পাঠানো হতো। জানা গেছে, মেজর ইকবাল ২০০৪ সালে গ্রেপ্তার হওয়ার আগে বিএনপির এক শীর্ষ নেতার বোনকে বিয়ে করেন। তাঁর স্ত্রী তাঁকে দেখতে নিয়মিত কারাগারে যেতেন।