চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন, একজন দগ্ধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবারের সকাল-সন্ধ্যা হরতালে চারটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। এ সময় মো. মুসা (২৫) নামের একজন দগ্ধ হয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এ সময় ওই ইজিবাইকের চালক মো. মুসা অগ্নিদগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, মুসার শরীরের ৭৫ শতাংশই পুড়ে গেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।এ ছাড়া সকাল সোয়া আটটায় নগরের মুরাদপুর রেলক্রসিংয়ের পাশে ও ১০টার দিকে সিরাজউদ্দৌলা রোডে দুটি টেম্পো ও বাকলিয়া থানার কালামিয়া এলাকায় একটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা কালামিয়া এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ও তিনপুলের মাথায় টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, আজ ভোর পাঁচটা থেকে নগরে বিজিবি ও পুলিশের দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে জামায়াত-শিবিরের কর্মীরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন। হামলাকারীদের আটক করার চেষ্টা চলছে।এর আগে নগরের বায়েজিদ এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় এক কর্মীকে আটক করে পুলিশ। হরতাল চলাকালে নগরের পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে দুই-তিনটি যানবাহন ভাঙচুর করে বলে পাঁচলাইশ থানার পুলিশ জানায়।হরতালে নগরে রিকশা, অটোরিকশা, টেম্পো, বাস ও ট্রাক চলতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। উপজেলার সঙ্গে নগরের সড়ক যোগাযোগ মোটামুটি স্বাভাবিক রয়েছে।ছাদ থেকে পড়ে এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার জামায়াত চট্টগ্রাম জেলা ও কক্সবাজারে আজকের সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।