চট্টগ্রামে হরতালে তিন মামলা, গ্রেপ্তার ১৪
চট্টগ্রামে গতকাল হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে শিবিরের ১১ কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়েছে।নগরের চান্দগাঁও থানায় আটজন ও পাঁচলাইশ থানায় তিনজনকে আসামি করে মামলাটি দুটি করা হয়। দুটি থানার দুই উপপরিদর্শক (এসআই) গতকাল রাতে বাদী হয়ে মামলা দুটি করেন।এ ছাড়া নগরের পাহাড়তলী এলাকায়ও একটি মামলা করা হয়েছে। এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) বনোজ কুমার মজুমদার জানান, চান্দগাঁও থানার মামলায় আট আসামি এবং পাঁচলাইশ থানার মামলায় এক আসামি গ্রেপ্তার রয়েছেন। এ ছাড়া ১৩ মে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় করা ছয়টি মামলার মধ্যে দুটি মামলায় এই ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের জামিন বাতিলের প্রতিবাদে গতকাল বুধবার হরতাল পালন করে সংগঠনটি।নগরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২৪ কর্মী-সমর্থককে আটক করে। দুই পিকেটারের কাছ থেকে পেট্রোল বোমা ও সাংকেতিক ভাষায় লেখা দুটি বাজারের ফর্দ উদ্ধার করা হয়।