চট্টগ্রামে হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, ২৮ জনের সাজা
বন্দর নগর চট্টগ্রামে দু-এক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া গতকাল রোববার শান্তিপূর্ণভাবে হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে। বহদ্দারহাট ও অলংকার মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়।পিকেটিং করার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ির টায়ারে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বিচার করে বিএনপির ১৫ জন কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১৩ জন নারী কর্মীকে অর্থদণ্ড দেন। এ সময় পুলিশ আরও ছয়জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে পাঁচলাইশ এলাকায় এমতাজ মিয়া (এক মাস বিনাশ্রম কারাদণ্ড), মো. বেলাল (১৫ দিন) ও আহসান হাবীব মাসুম (সাত দিন); পাহাড়তলী এলাকায় শাহাদাৎ হোসেন পাটোয়ারী (চার দিন) ও মিজানুর রহমান (চার দিন); চান্দগাঁও এলাকায় জাহাঙ্গীর আলম (১৫ দিন), বাদশা (এক মাস), জামাল (চার দিন), কায়সার (চার দিন), হাসান (তিন দিন), জব্বার (তিন দিন), কৃষ্ণ শীল (১৫ দিন), বাহারউদ্দিন (সাত দিন), কামাল উদ্দিন (সাত দিন) ও বাবুল সেনকে (চার দিন) কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে বিএনপির কার্যালয় নাসিমন ভবন ও আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নগরের প্রবেশপথ বহদ্দারহাট ও অলংকার মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কয়েকজনকে লাঠিপেটা করে। এ ছাড়া নগরের ঈদগা, অলংকার মোড়, আসকারদীঘির পাড়সহ কয়েকটি এলাকায় টায়ার পোড়ায় পিকেটাররা।সকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নাসিমন ভবনে আসেন। এর আগেই বিপুলসংখ্যক পুলিশ বিএনপির কার্যালয় ও আশপাশের মোড়ে সতর্ক অবস্থান নেয়। এ কারণে নেতাদের পরামর্শে কর্মী-সমর্থকেরা দলীয় কার্যালয়ের পরিবর্তে বহদ্দারহাট, অলংকার মোড়সহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করছিলেন। বেলা ১১টার দিকে বহদ্দারহাটের সমাবেশে যোগ দেন আমীর খসরু। বহদ্দারহাটে খসরুর সমাবেশে একটি মিছিল যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। এর আগে গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুলিশ শুলকবহর আবদুল হামিদ সড়কে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। দুপুর পৌনে ১২টার দিকে অলংকার মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ১১টার দিকে নাসিমন ভবনে দলীয় কর্মীরা মিছিল করার চেষ্টা করেন। পুলিশ সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করে। দুপুরে মেডিকেল কলেজের সামনে পিকেটিং করার সময় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। একই সময় মুরাদপুর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির এক কর্মীকে। সকালের দিকে কাজীর দেউরী এলাকায় বিএনপির নারী কর্মীরা মিছিল করার চেষ্টা করলে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে দেড় হাজার টাকা করে এবং বাকি ১১ জনকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়ার আদেশ দেন। আমীর খসরু প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তাই নগরের বিভিন্ন মোড়ে বিশেষ করে থানা এলাকাগুলোতে নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ ও পিকেটিং করছে। তবু পুলিশ তাদের ওপর নিপীড়ন চালিয়েছে।’ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা নাসিমন ভবনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এতে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ও নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বক্তব্য দেন। সকালে চট্টেশ্বরী এলাকা থেকে একটি মিছিল নিয়ে নাসিমন ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। পুলিশ মেহেদীবাগের মোড়ে তাঁকে থামিয়ে দেয়। পরে তিনি অনুসারীদের নিয়ে চট্টেশ্বরী রোডের বাসায় চলে যান। এদিকে জুবিলী রোড, নিউমার্কেট, লালখানবাজার ইস্পাহানি মোড়, নাছিরাবাদ, ষোলশহর ২ নম্বর গেটসহ কয়েকটি এলাকায় ছাত্রলীগের ব্যানারে বেশ কয়েকটি হরতালবিরোধী মিছিল বের করা হয়।