চট্টগ্রামে হরতালে ভাঙচুর-হামলায় চার মামলা, আসামি তিন হাজার
হরতালের সময় চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় পৃথক চারটি মামলা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে করা এসব মামলায় এজাহারভুক্ত ৩৪ জন ছাড়াও অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে এজাহারভুক্ত ১৩ জন আসামি গতকাল থেকে গ্রেপ্তার রয়েছে। পুলিশ বাদী হয়ে বায়েজিদ থানায় দুটি এবং হাটহাজারী থানায় অপর মামলা দুটি দায়ের করেন। বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা (এএসআই) কামাল হোসেন জানিয়েছেন, পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মামলা দুটিতে এজাহারভুক্ত ২১ জনসহ অজ্ঞাত দুই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলা দ্রুত বিচার আইনে করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল কালাম আজাদ জানান, হরতালে ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া এবং কাজে বাধাদানের ঘটনায় উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মামলা দুটিতে সুনির্দিষ্ট ১২ জনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। প্রসঙ্গত, গতকাল সোমবার হরতাল চলাকালে দুপুরে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের অক্সিজেন বালুচর থেকে চৌধুরীহাট পর্যন্ত হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা দেড় শতাধিক বাস ভাঙচুর করে। এ ছাড়া পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।