চট্টগ্রামে হরতালে মাঠে ছিল না বিএনপি
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আজ রোববার বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। পুলিশের বাধা ও গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতা-কর্মী এবং সাকার অনুসারীরা নগরের রাস্তায় নামতে পারেননি। পুলিশের বাধায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বের করা বিএনপির মিছিল পণ্ড হয়ে যায়। পরে তিনি বাসার সামনে সমাবেশ করেন। অন্যদিকে নগরের মোড়ে মোড়ে আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে।বিএনপির বিতর্কিত নেতা ও স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি হরতালের ডাক দেয়। ১৬ ডিসেম্বর ভোরে তাঁকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একাত্তরে রাউজানের নূতনচন্দ্র সিংহ হত্যা মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে উনসত্তরপাড়ায় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আছে। সকালে কয়েকজন নেতা-কর্মী নিয়ে মেহেদীবাগ এলাকা থেকে একটি মিছিল বের করেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে নগর কমিটির সহসভাপতি দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন ছিলেন। উত্তর জেলা বিএনপির সহসভাপতি এস এম ফজলুল হককে মিছিলে দেখা গেছে। তবে মিছিলটি চট্টেশ্বরী মোড়ের আগে থাকতেই পুলিশ আটকে দেয়। পরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেহেদীবাগের বাসার সামনে তাত্ক্ষণিক এক সমাবেশে বলেন, ‘যুদ্ধাপরাধীর বিচার নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু একজন জনপ্রতিনিধিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন করা অন্যায়। আমরা এর প্রতিবাদে মাঠে নেমেছি।’ আমীর খসরুর মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় আমরা তাঁদের বাধা দিয়েছি।’আমীর খসরুর মিছিল ছাড়া আজ হরতালে বিএনপির কোনো মিছিল বা নেতা-কর্মীকে সক্রিয় দেখা যায়নি। ফলে নগরের ওয়াসা, বহদ্দারহাট, ট্রাঙ্ক রোডে রিকশার পাশাপাশি কিছু সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক ও টেম্পো চলাচল করেছে। নগরের অলিগলি ও রাস্তা কার্যত রিকশার দখলে চলে যায়। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে ছয়টি জাহাজ মালামাল নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বন্দরে ভিড়েছে ছয়টি জাহাজ। ৩৬টি জাহাজে মালামাল ওঠানো-নামানোর কাজ হয়। তবে সন্ধ্যার আগে কোনো মালামাল পরিবহন হয়নি।মাঠে ছিল আ.লীগ: হরতালের বিপক্ষে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নগরের বিভিন্ন স্থানে দিনভর বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। বিকেলে নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে সমাবেশ করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলের নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রবীণ নেতা ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দিন, ইফতেখার সাইমুল, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম প্রমুখ। এ ছাড়া নিউমার্কেট মোড়ে দুপুরে সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের অপরপক্ষ সভা করে। এর আগে তাঁরা নগরের এনায়েতবাজার মোড় থেকে হরতালবিরোধী একটি মিছিল বের করেন। এ ছাড়া নগরের বহদ্দারহাটে স্বেচ্ছাসেবক লীগ ও জিইসির মোড়ে ছাত্রলীগ পথসভা করে। পাশাপাশি সকালে আন্দরকিল্লায় সেক্টর কমান্ডারস ফোরাম হরতালবিরোধী সমাবেশ করে।