চট্টগ্রামে হরতালের পক্ষে-বিপক্ষে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবারের হরতালকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ আজ রোববার নগরে পাল্টাপাল্টি সমাবেশ করেছে। স্থানীয় বিএনপি হরতালের সমর্থনে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এবং আওয়ামী লীগ হরতালের নামে নৈরাজ্যের বিরুদ্ধে বাকলিয়ার কালামিয়ার বাজারে এসব সমাবেশ করে। জানা গেছে, দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঠ দখলের প্রতিযোগিতায় উত্তপ্ত হয়ে উঠছে চট্টগ্রামের রাজনীতির মাঠ। পুলিশ প্রশাসনও নগরে টহল ও অভিযান জোরদার করেছে। তবে নিয়মিত মামলার আসামি ছাড়া আজ কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়নি।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহনেওয়াজ খালেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মামলার আসামি ছাড়া রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হচ্ছে না। তবে আইনশৃঙ্খলার জন্য হুমকি এমন কাজ করা থেকে বিরত থাকতে আমরা সবাইকে আহ্বান জানাই।’ চার কিলোমিটার দীর্ঘ মিছিলের ঘোষণা: কাল সোমবার নগরে হরতালের সমর্থনে মিছিলের দৈর্ঘ্য চার কিলোমিটার করার ঘোষণা দিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই মিছিলে ৪০ হাজার লোকের সমাগম ঘটানোর জন্য নেতা-কর্মীদের দল বেঁধে দলীয় কার্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেলে নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।আওয়ামী লীগের প্রস্তুতি: হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে রাজনৈতিকভাবে জবাব দেবে আওয়ামী লীগ। আজ সন্ধ্যায় নগরের কালামিয়া বাজারে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির সমাবেশে বক্তব্য দেন। আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির হরতালে বাধা দেওয়া হবে না। তবে হরতাল না করতে তারা নগরের ২৬টি গুরুত্বপূর্ণ মোড়ে মাইক লাগিয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এ ছাড়া চারটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে অনুরূপ প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ।