চট্টগ্রামে হরতালের সমর্থনে বিএনপির ভাঙচুর
৩৬ ঘণ্টা টানা হরতালের সমর্থনে আজ রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। মির্জা ফখরুলসহ কারাগারে থাকা নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি।পুলিশ জানায়, আজ নগরের কাজীর দেউড়ী ও হাটহাজারী এলাকায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেন। এ সময় কাজীর দেউড়ীতে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তাড়া খেয়ে সাত থেকে আটজন যুবক কাজীর দেউড়ী থেকে আসকারদীঘি যাওয়ার পথে কর্ণফুলী ভবনের নিচে ‘সময়’ টিভির একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ বিষয়ে সময় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে প্রথম আলো ডটকমকে বলেন, ‘হঠাত্ কিছু যুবক বিএনপির এক কেন্দ্রীয় নেতার পক্ষে স্লোগান দিয়ে কাজীর দেউড়ী থেকে ছুটে আসে এবং মাইক্রোবাসটি ভাঙচুর করে। এ সময় আমরা মোহাম্মদ রাসেল নামে ছাত্রদলের এক কর্মীকে ধারালো দাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিই। পরে বিএনপি ও জামায়াতের লোকজন এসে রাসেলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।’হরতালের সমর্থনে হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একদল যুবক সাত থেকে আটটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে দুজনকে পিটিয়ে জখম করে। পরে হাটহাজারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে। আহত দুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ আসরের নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে। মিছিলটি কোতোয়ালি মোড় থেকে নিউ মার্কেট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।