চট্টগ্রামে হিযবুত তাহরীরের আকস্মিক মিছিল, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের লাভ লেইন মোড়ে আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। কর্মসূচি শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আশপাশের এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে দুজন মেডিকেল ও প্রকৌশল বিষয়ের স্নাতক পর্যায়ের ছাত্র।গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী আহমেদ ইরফানুল করিম, বিজিসি ট্রাস্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম বর্ষের ছাত্র মোজাম্মেল হোসেন, মো. হোসেন ও বাদশা মিয়া। মো. হোসেন নিজেকে স্কুলছাত্র এবং বাদশা নিজেকে পোশাক-শ্রমিক বলে দাবি করেন। ইরফান নিজেকে হিযবুত তাহরীর সক্রিয় কর্মী বলে দাবি করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে লাভ লেইন মোড় থেকে আকস্মিকভাবে হিযবুত তাহরীরের অন্তত ৪০-৫০ জনের একটি দল মিছিল বের করে। মিছিলটি এনায়েত বাজার মোড় ঘুরে আবার লাভ লেইন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তাঁরা উপস্থিত সাংবাদিকদের মধ্যে একটি সংবাদ বিজ্ঞপ্তিও বিলি করেন। বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি নতজানু উল্লেখ করে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য দেশের মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় লাভ লেইন মোড়ে দায়িত্বরত টহল পুলিশের হাবিলদার হামিদ খান একজনকে ধরে ফেললে অন্যান্য কর্মীরা এসে পুলিশকে ঘুষি মেরে ছাড়িয়ে নিয়ে যান। এর মধ্যে পুলিশের আরও সদস্য উপস্থিত হয়ে ইরফানকে স্টেডিয়াম মোড় এলাকা থেকে আটক করে। এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘আকস্মিকভাবে তাঁরা মিছিল বের করেছিলেন। আমাদের টহল পুলিশ বাধা দিলে তাঁরা এক কনস্টেবলকে আঘাত করে চলে যান। পরে আশপাশ থেকে আমরা চারজনকে আটক করেছি।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখানো হবে।’