চট্টগ্রামে হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারীর আস্তানায় অভিযান
নগরের খুলশীর একটি বাড়িতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্ব্বয়কারীর আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। প্রধান সমন্বয়কারীর নাম শেখ ওমর শরিফ আল মারুফ রাসেল বলে জানা গেছে।আদালতের অনুমতি নিয়ে আজ রোববার বিকেলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে হিযবুত তাহরীরের বিপুলসংখ্যক বই, প্রচারপত্র, চিঠিপত্র ও ব্যাংক লেনদেনের নথিপত্র জব্দ করেছে।গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাইমুল হক গ্রেপ্তার হয়। নাইমুল হকের কাছে পুলিশ রাসেলের এই আস্তানার সন্ধান পায়।এদিকে চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনি গতকাল শুনানির পর নাইমুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দুপুরে নগরের নাসিরাবাদ এলাকায় এস এ পরিবহনের কাউন্টার থেকে একটি কম্পিউটার ছাড়িয়ে আনতে গিয়ে নাইমুল গ্রেপ্তার হন। পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডের নেওয়ার আবেদন করে।জানা যায়, নাইমুলের তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ গতকাল খুলশীর বাসায় অভিযান চালাতে যায়। এর আগে রাসেল গা ঢাকা দেওয়ায় পুলিশ তাঁর বাসায় ঢুকতে পারেনি। তাই তালা খুলে ঢোকার জন্য আদালতে আবেদন করে পুলিশ।পুলিশ সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে আজ বাড়ির মালিকের উপস্থিতিতে পুলিশ রাসেলের বাসায় তল্লাসি চালায়। পুলিশ বাড়ি থেকে হিযবুত তাহরীরের বই, প্রচারপত্র, ব্যাংক লেনদেনের নথিপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করে। দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটিতে এই বাড়ির অবস্থান।খুলশি থানার উপপরিদর্শক (এসআই) এনাম আহমেদ প্রথম আলোকে বলেন, জব্দ করা নথিপত্র দেখে মনে হচ্ছে রাসেল হিযবুত তাহরীর চট্টগ্রাম শাখার প্রধান সমন্ব্বয়কারী। তিনি ফেনীর বিচারিক হাকিম ছিলেন। চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। রাসেলের বাড়ি চাঁদপুরের বটতলা এলাকায়।এসআই এনাম বলেন, ‘রাসেলের নামে একটি বেসরকারি ব্যাংকের চেক বই ও লেনদেনসংক্রান্ত নথি পাওয়া গেছে। ওই ব্যাংকে বিদেশ থেকে অর্থ আসার আলামত আছে। আমরা ব্যাংকে গিয়ে তাঁর হিসাব যাচাই করে দেখব।’চুয়েটের ছাত্র নাইমুল প্রথম আলোকে বলেন, ‘রাসেল সাহেব আমার বড় ভাইয়ের সহপাঠী ছিলেন। এ কারণে ঢাকা থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তির ফরম নিতে এসে একদিন তাঁর বাসায় অবস্থান করি। ভর্তির সময় আরেকবার তাঁর বাসায় ছিলাম। আর তিনি হিযবুত তাহরীরের সমর্থক ছিলেন বলে জানতাম। তবে তিনি যে এত বড় নেতা, তা আমার জানা ছিল না।’নাইমুল হক বলেন, ‘পারিবারিক সম্পর্কের কারণে রাসেল সাহেবের সঙ্গে আমি চট্টগ্রামে এসে যোগাযোগ করি। তবে রাজনীতি নিয়ে তাঁর সঙ্গে আমার কখনো আলাপ হয়নি। আমার পরিবারও এ ব্যাপারে আমাকে সতর্ক করে দেয়।’