চট্টগ্রামে হিযবুত তাহরীরের ৩ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কাতালগঞ্জ এলাকার একটি মসজিদের সামনে হাত মাইক ব্যবহার করে সমাবেশ করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর কর্মীদের পিটিয়েছেন মুসল্লিরা। এ সময় মুসল্লিরা তিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব আহসান (২৩), মার্কেটিং চতুর্থ বর্ষের ছাত্র সোহান ইয়াসিন (২৩) ও মহসীন কলেজের হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র সাফাত ইকবাল (২৩)। তাঁরা নগরের দেবপাহাড় এলাকার কামাল সাহেবের ভাড়াটে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর হিযবুত তাহরীরের ১৪-১৫ জন কর্মী কাতালগঞ্জ শেখ বাহার উল্লাহ মসজিদের দরজার সামনে অবস্থান নেন। এর আগে ওই মসজিদে তাঁরা জুমার নামাজ পড়েন। জুমার ফরজের অংশ শেষ হওয়ার পর তাঁরা দ্রুত মসজিদের দরজার সামনে জড়ো হন। এ সময় তাঁদের হাতে পতাকা, ব্যানার ও ক্যামেরা দেখা গেছে। সমাবেশ করার সময় তাঁরা একটি হাত মাইক ব্যবহার করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও খেলাফত প্রতিষ্ঠার দাবি জানিয়ে বক্তৃতা করছিলেন। তাঁদের বক্তৃতার সময় অনেক মুসল্লি সুন্নতের নামাজ পড়ছিলেন। সমাবেশের কারণে মুসল্লিদের নামাজ আদায়ে বাধাগ্রস্ত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হিযবুত তাহরীর কর্মীদের এসব উসকানিমূলক বক্তব্যে মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে তাঁদের গণপিটুনি দেন। একপর্যায়ে একটি ব্যানারসহ তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। অন্যরা ক্যামেরা ও পতাকা নিয়ে পালিয়ে যান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মাবুদ প্রথম আলোকে জানান, হিযবুত তাহরীরের গ্রেপ্তার হওয়া তিন কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সময় তাঁদের হাতে ক্যামেরা, পতাকা ও অন্যান্য সামগ্রী দেখা গেছে। তা উদ্ধারের চেষ্টা চলছে। তবে হাত মাইক ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।