নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রামে প্রধান আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। নগরের খুলশি আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া করে আস্তানাটি তৈরি করেছেন সংগঠনের চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী শেখ ওমর শরীফ আল মারুফ ওরফে রাসেল। পুলিশ জানিয়েছে, রাসেল বিচারিক হাকিম ছিলেন। সংগঠনের কাজ পরিচালনা করতে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এখন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।আদালতের অনুমতি নিয়ে গতকাল রোববার বিকেলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নিষিদ্ধ সংগঠনটির বিপুলসংখ্যক বই, প্রচারপত্র, সাংগঠনিক চিঠিপত্র ও ব্যাংক হিসাবের কাগজপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।গত শনিবার নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের সদস্য নাইমুল হককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সংগঠনটির এ আস্তানার খোঁজ পায়। নাইমুল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আদালত নাইমুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।পুলিশ সূত্র জানায়, নাইমুলের তথ্যের ভিত্তিতে পুলিশ শনিবার দক্ষিণ খুলশির ওই বাসায় গিয়ে বাসাটি তালাবদ্ধ দেখতে পায়। পরে আদালতের অনুমতি নিয়ে গতকাল তালা ভেঙে ওই বাসায় তল্লাশি চালায় পুলিশ। খুলশি থানার উপপরিদর্শক এনাম আহমেদ প্রথম আলোকে বলেন, ওই বাড়ি থেকে জব্দ করা সাংগঠনিক নথিপত্র অনুযায়ী রাসেল হিযবুত তাহরীর চট্টগ্রাম শাখার প্রধান সমন্বয়কারী। রাসেলের বাড়ি চাঁদপুরের বটতলা এলাকায়। তিনি বিচারক হিসেবে ২০০৮ সালের ৮ মে নিয়োগ পান। সর্বশেষ তিনি ফেনীর বিচারিক হাকিম ছিলেন। পরে চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম আদালতে আইন পেশার চর্চা করছিলেন।এনাম আহমেদ বলেন, রাসেলের নামে একটি বেসরকারি ব্যাংকের চেক বই ও লেনদেন সংক্রান্ত নথি পাওয়া গেছে। তাতে বিদেশ থেকে অর্থ আসার আলামত আছে। পুলিশ ওই ব্যাংক হিসাব যাচাই করবে। খুলশির ওই বাড়ির মালিক আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ির ছাদের এক কক্ষের ফ্ল্যাটটি মাসে পাঁচ হাজার টাকায় রাসেল গত ১ ফেব্রুয়ারি ভাড়া নেন। এ ছাড়া হিযবুত তাহরীরের আরেক সদস্য মিনহাজউদ্দিনকে চার দিনের রিমান্ডে নিয়েছে খুলশি থানা পুলিশ। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে প্রচারপত্র পাঠায় হিযবুত: প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ নবীরুজ্জামানসহ ১০ জন নেতা-কর্মীর কাছে ডাকযোগে প্রচারপত্র পাঠিয়েছে হিযবুত তাহরীর। তাতে ওই নেতা-কর্মীদের তাদের দলে যোগদানের আহ্বান জানানো হয়। গতকাল ডাক বিভাগের লোকজন চিঠির খামেভরা এ লিফলেট হলে দিয়ে যান। শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবহিত করা হয়েছে।