চট্টগ্রামে হুজির ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী এবং রাউজান ও কাউখালী সীমান্তবর্তী পাহাড়ি এলাকার গোদারপাড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) পাঁচজনকে র্যাব গ্রেপ্তার করেছে। গতকাল রোববার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে ১৪টি প্রশিক্ষণ বই, সন্ত্রাসী আক্রমণের একটি নকশা, উল্লেখযোগ্য পরিমাণ সাংগঠনিক বই, বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিট, এডপটার, ফিউজ, আইসি, বিস্ফোরকদ্রব্য, ১১টি ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন—হাটহাজারী থেকে মো. মাহফুজুর রহমান ওরফে অপু (২৯) আর গোদারপাড় থেকে আবুল ফারাহ রোম্মান (৩০), মো. আবুল কালাম (৪৫), মো. সালাউদ্দিন হোসাইন ভূঁইয়া (৩৭) ওমো. আবদুল্লাহ আল আমিন (৩১)।র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন জানান, র্যাবের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে হাটহাজারী থেকে মো. মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেজর সৈয়দ আলী আশফাক শামীর নেতৃত্বে র্যাবের একটি দল গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে বাকি চারজনকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, ওরা সেখানে সেনাক্যাম্প স্থাপন করতে গিয়েছিল। তাঁদের মধ্যে একজন আইটি বিশেষজ্ঞ ও প্রধান প্রশিক্ষক রয়েছেন।বর্তমানে তাঁরা পতেঙ্গা র্যাব-৭-এর সদর দপ্তরে রয়েছেন। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।