চট্টগ্রামে হেফাজতকর্মীদের সঙ্গে সংঘর্ষ, ৯ পুলিশসহ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর পুলিশ ও হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় নয় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে হেফাজতকর্মীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের ছয়টি শেল নিক্ষেপ করে।চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগে হেফাজতকর্মীরা চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আমানবাজার, বড় দীঘিরপাড়সহ কয়েকটি মোড়ে সড়ক অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে হাটহাজারী, রাঙামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি ও উত্তর রাউজানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।পবিত্র কোরআনবিরোধী নারী উন্নয়ন নীতিমালা, হাইকোর্টে ফতোয়াবিরোধী রায় ও ধর্মহীন শিক্ষানীতি বাতিলের দাবিতে ৪ এপ্রিল হরতালের সমর্থনে হেফাজত ইসলাম গতকাল জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ এলাকায় বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়। কর্মসূচি সফল করতে জুমার আগে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা ও ফটিকছড়ির আরও কয়েকটি মাদ্রাসা থেকে হেফাজত ইসলামের কয়েক হাজার কর্মী-সমর্থক শহরে আসার চেষ্টা করেন। জানা গেছে, আন্দরকিল্লা মোড়ে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) জেদান আল মুছা, কোতোয়ালি থানার টহল পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) ইকবাল। আহত এক নারী কনস্টেবলসহ ছয়জনকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দরকিল্লা মোড়: প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বিভিন্ন মাদ্রাসা থেকে হেফাজত ইসলামের কর্মীরা আন্দরকিল্লায় জড়ো হন। জামায়াতে ইসলামীর অনেক কর্মী-সমর্থক তাঁদের সঙ্গে যোগ দেন। জুমার পর মিছিল বের করার চেষ্টা করেন হেফাজতকর্মীরা। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তাঁরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে সিরাজউদদৌলা সড়কের দিকে যান। পুলিশও মিছিলের সামনে হাঁটতে থাকে। একপর্যায়ে মিছিল থেকে কে বা কারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর পরই হেফাজত ইসলামের কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এই পরিস্থিতিতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তাঁরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এভাবে প্রায় ৪৫ মিনিট ধরে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। ঘটনাস্থলে র্যাব-পুলিশের সংখ্যা বেড়ে গেলে হেফাজতকর্মীরা আবার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা সমাবেশ করেন। বেলা তিনটার দিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘আমরা হেফাজতের কর্মসূচিতে বাধা দেব না বলে কথা দিয়েছিলাম। তাঁদের মিছিলের রুট দিতে বলেছিলাম, যাতে মিছিলের সামনে ও পেছনে পুলিশ পাহারা দেওয়া যায়। তাঁরা আমাদের কথা শোনেননি। বরং শক্তি দেখিয়ে মিছিল বের করেন।’ তবে হেফাজত ইসলামের নগর কমিটির সভাপতি তাজুল ইসলাম দাবি করেন, সংঘর্ষের জন্য পুলিশই দায়ী। পুলিশের হামলায় তাঁদের ১০ জন কর্মী-সমর্থক আহত হন। হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ: কর্মসূচিতে যোগ দিতে হাটহাজারী ও ফটিকছড়ির কয়েকটি কওমি মাদ্রাসার বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক শহরের উদ্দেশে রওনা হন। বালুছড়া এলাকায় নগর পুলিশ অবস্থান নেয়। এতে শহরতলির আমানবাজারে তাঁরা আটকা পড়েন। জুমার নামাজের আগে-পরে আমানবাজার, বড় দীঘিরপাড় ও ইসলামিয়া হাট এলাকায় তাঁরা সড়ক অবরোধ করেন। এ কারণে চট্টগ্রামের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। তাঁরা আমানবাজার ও ইসলামিয়া হাট সড়কে গাড়ির টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েক শ ছাত্রের হাতে লাঠি ছিল। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘শহরে বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে আমরা বালুছড়া এলাকায় অবস্থান নিই। এ কারণে মাদ্রাসার শিক্ষক-ছাত্রবাহী একটি গাড়িও শহরে ঢুকতে পারেনি। বাধা পেয়ে তাঁরা হাটহাজারী সড়কের কয়েকটি মোড়ে অবরোধ করেন।’প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটায় বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে লাঠিমিছিল নিয়ে ইসলামিয়া হাটে জড়ো হন। বিকেল পৌনে পাঁচটায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ফটিকছড়ির আয়েশা সিদ্দিকা (রা.) আদর্শ বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ৪ এপ্রিলের হরতাল সফল করতে ছাত্রদের প্রতি আহ্বান জানান।