চট্টগ্রামে হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে আজ বুধবার ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় জন পুলিশসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়। বিকেলে লালদীঘির পাড়ে সংগঠনটির সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সংগঠনের সমাবেশ মঞ্চ ভেঙে দেয়। এদিকে ওই সমাবেশে যোগ দিতে হাটহাজারি থেকে ৪০টি বাস ও ৩০টি মাইক্রোবাসে করে দলের কর্মীরা শহরে ঢোকার চেষ্টা করে। পুলিশ তাঁদের ঢুকতে বাধা দেয়। এ সময় অক্সিজেন মোড়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মুফতি এজহারুল ইসলাম এ সমাবেশের মূল উদ্যোক্তা বলে জানা গেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, শিক্ষানীতি বাতিল, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের চেষ্টাসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ওই সমাবেশের ডাক দেয়। সমাবেশে হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন স্থান থেকে মাদ্রাসার শত শত ছাত্র যোগ দেওয়ার কথা। চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের সমাবেশ করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি নিতে হয়। কিন্তু সংগঠনটি কোনো অনুমতি ছাড়াই সমাবেশ মঞ্চ তৈরি করায় তা ভেঙে দেওয়া হয়েছে। তবে হেফাজতে ইসলামী বাংলাদেশ জানায়, লালদীঘি মাঠের মালিক চট্টগ্রাম মুসলিম হাইস্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই তারা সমাবেশ মঞ্চ তৈরি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।উল্লেখ্য, সম্প্রতি পুলিশ এজহারুলের ছেলে মুফতি হারুনকে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার করেছে।