চট্টগ্রামে হেফাজতের আটক ৩৯ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বালুছড়ায় গত বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় হেফাজতে ইসলাম, বাংলাদেশ নামের সংগঠনের আটক হওয়া ৩৯ কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতার ভিত্তিতে বুধবার রাতে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। বুধবার দুপুরে বালুছড়ায় সংঘর্ষে পুলিশের ছয় সদস্যসহ অন্তত ১৯ জন এবং রাতে হাটহাজারী এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষে আরও কয়েকজন আহত হন। হাটহাজারীতে প্রায় আট ঘণ্টা সড়ক অবরোধ, অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর এবং জেলা পুলিশ সুপারের গাড়িতে হামলা হয়। এক পুলিশ কনস্টেবলের রাইফেল খোয়া যায়। গতকাল অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসব ঘটনায় বায়েজিদ বা হাটহাজারী থানায় গতকাল বৃহস্পতিবারও কোনো মামলা হয়নি। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘জেলা পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সমঝোতার ভিত্তিতে আমরা আটক ৩৯ কর্মীকে বুধবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ছেড়ে দিয়েছি।’জানা যায়, নবগঠিত হেফাজতে ইসলামের ব্যানারে বুধবার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রসহ সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে এবং শিক্ষানীতি বাতিলসহ বিভিন্ন দাবিতে নগরের লালদীঘি মাঠে সমাবেশ আহ্বান করা হয়েছিল। অনুমতি না নেওয়ায় পুলিশ ওই সমাবেশের মঞ্চ নির্মাণ বন্ধ করে দেয়। হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (বড় মাদ্রাসা) শিক্ষক-ছাত্ররা ওই সমাবেশে যোগ দিতে আসার পথে বালুছড়ায় পুলিশ বাধা দিলে একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। সে সময় সংগঠনের ৩৯ কর্মীকে আটক করে পুলিশ। এরপর মাদ্রাসাছাত্ররা হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর হাটহাজারীতে হেফাজতে ইসলামের কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় কনস্টেবল আনোয়ার হোসেন গুরুতর আহত হন এবং তাঁর রাইফেলটি ছিনিয়ে নেওয়া হয়। গতকাল ভোররাতে রাইফেলটি বড় মাদ্রাসার লাগোয়া দেয়ালের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। তবে রাইফেলের সঙ্গে খোয়া যাওয়া ২০টি গুলির মধ্যে ১০টি পাওয়া যায়নি বলে জানা গেছে।কর্মসূচি ঘোষণা: বুধবার পুলিশি হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম আগামী রোববার দেশের থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যায় হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি বৈঠকে সভাপতিত্ব করেন। সূত্র জানায়, বৈঠকে সরকারের ইসলামবিরোধী নানা পদক্ষেপ বাতিলসহ বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করে দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে নতুন ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা চালুকরণ, সম্পত্তিতে নারীর সম-অধিকার আইন বাতিল ও ইসলামি রাজনীতি নিষিদ্ধকরণের ষড়যন্ত্র এবং দেশের কওমি মাদ্রাসা, উলামা-মাশায়েখ ও কওমি মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতাসহ নানা অপপ্রচার বন্ধ করার দাবি জানানো হয়। সরকার এসব দাবি না মানলে ৩১ মার্চ চট্টগ্রামে মহাসমাবেশ করা হবে বলে বৈঠকে ঘোষণা দেওয়া হয়।