চট্টগ্রামে হেফাজতের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
হরতালের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকালে নগরের লালখান বাজার এলাকায় হেফাজতে ইসলাম ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন। জেলার ফটিকছড়িতে হেফাজতের কর্মীরা ৩০টি দোকান, ২০টি বসতঘর ও ১০টি গাড়ি ভাঙচুর করেছেন বলে পুলিশ জানায়। পশ্চিম পটিয়ায় ছয়টি বসতঘরে আগুন দেওয়া হয়। রগ কেটে দেওয়া হয় আওয়ামী লীগের এক সমর্থকের। আনোয়ারায় সংঘর্ষে আহত হন ১৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের লালখান বাজারের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কর্মী সালাহউদ্দিন গুলিতে আহত হন। হেফাজতের কর্মীদের ঢিলের আঘাতে রূপম দাস নামের আরেক কর্মী আহত হন। তাঁরা দুজনই চট্টগ্রাম মেডিকেলে চিকিত্সাধীন।লালখান বাজারে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১সকালে লালখান বাজার এলাকায় হেফাজতের কর্মী ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। হেফাজতে ইসলাম ও ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ প্রায় আধাঘণ্টা স্থায়ী ছিল। সংঘর্ষের একপর্যায়ে হেফাজতের কর্মীরা সরকার-সমর্থকদের মাইক ভাঙচুর করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হেফাজতের নেতা-কর্মীদের ধাওয়া করে জমিয়াতুল ফালাহ মসজিদের দিকে নিয়ে যান। এর আগে হেফাজতের কর্মীরা লালখান বাজারের ইস্পাহানী মোড়ে পিটস্টপ রেস্টুরেন্টের সামনে এবং ছাত্রলীগ-যুবলীগ আমিন সেন্টারের সামনে অবস্থান করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সালাহউদ্দিন নামের ছাত্রলীগের এক কর্মী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওরা বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের গুলিতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হন।’আজিজুল হক আরও বলেন, ‘আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছি। তারাও তাদের কর্মসূচি পালন করছিল। দুই পক্ষ দুই দিকে থেকে নিজ নিজ কর্মসূচি পালনে অসুবিধা কোথায় ছিল? আমরা তো তাদের বাধা দিতে চাইনি।’অভিযোগ প্রসঙ্গে ছাত্রলীগের সাবেক নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলাল প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিরোধী দলের হরতাল চলাকালে আমরা বরাবরই ইস্পাহানী মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করি। সকালেও মাইক বাজছিল। হেফাজতের কর্মীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে তা বন্ধ করে দেয়। তখন আমি মুফতি ইজহারের সঙ্গে যোগাযোগ করলে তিনি দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলতে বলেন।’বেলাল আরও বলেন, ‘পরে আমরা ইস্পাহানী মোড়ে এসে হেফাজতের নেতাদের সঙ্গে কথা বলতে গেলে বৃষ্টির মতো আমাদের দিকে ঢিল ছোড়া হয়। এরপর দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আমাদের লোকজন লালখান বাজারের ইস্পাহানী মোড় দখলে নেয়। হেফাজতের কর্মীরা ওয়াসার দিকে সরে যান।’ সংঘর্ষের পর আওয়ামী লীগ-ছাত্রলীগ স্থানীয় শহীদ মিনারে সমাবেশ করে। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমদ। পটিয়ায় ঘরবাড়িতে আগুনপশ্চিম পটিয়ার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়ায় ছয় বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়িগুলোর মালিক ছিলেন, মো. নুরুন্নবী, মো. ফোরকান, সুলতান আহমদ, সিরাজুল ইসলাম, মো. লোকমান ও মো. সেলিম। তাঁদের মধ্যে সুলতান আহমদের পায়ের রগ কেটে দেওয়া হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুত মিশ প্রথম আলো ডটকমকে বলেন, হেফাজতের ব্যানারে সম্ভবত বিএনপি ও জামায়াতের লোকজন সংঘবদ্ধভাবে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে আগুন ও দোকানপাট ভাঙচুর করে। বাড়িতে আগুন দেওয়ার পর স্থানীয় জামাল উদ্দিনের চায়ের দোকানে হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী শিকলবাহা মাকাফুল উলুম মাদ্রাসায় হামলা করে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫টি গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকালে হরতাল শুরু হলে পটিয়া থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। তাঁদের বাধার মুখে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফটিকছড়িতে ভাঙচুর পুলিশ জানায়, সকালে ফটিকছড়ির নানুপুর বাজারে কওমি মাদ্রাসার হেফাজতের কর্মীরা মিছিল নিয়ে যান। এ সময় হেফাজতের কর্মীরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে দোকান খোলা রাখার কারণ জানতে চান। এরপর হেফাজতের কর্মীরা ছোট-বড় ৩০টি দোকান, ২০টি বসতঘর ভাঙচুর করেন। এর মধ্যে ১০টি ঘর সংখ্যালঘুদের। হরতালের সমর্থকেরা সাতটি চাঁদের গাড়ি, তিনটি মোটরসাইকেল ও দুটি বেসরকারি ব্যাংকের কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে স্থানীয় গ্রামবাসী ও হেফাজতের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হেফাজতের তিন কর্মীসহ সাতজন আহত হন। বেলা ১১টায় উপজেলার শাহনগর গ্রামের ইসলামিয়া বাজারে হেফাজতের কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন। পরে হরতালের সমর্থকেরা লেলাং রাঙ্গামাটিয়া যুব উন্নয়ন সংঘসহ চারটি দোকানে আগুন দেয়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আরও আটজন আহত হন। ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামের নোয়াহাট বাজারে শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্টের মাঠে বিভিন্ন পোস্টার, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘হেফাজতের এসব তাণ্ডবের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’আনোয়ারায় সংঘর্ষসকালে পারকি সৈকতে বারুণী স্নানে আসা সনাতনী ধর্মাবলম্বীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পুলিশ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন হেফাজতে ইসলামের, ছয়জন আওয়ামী লীগের এবং একজন পুলিশ কনস্টেবল। এ সময় পুলিশ দুজনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২টি গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রাম থেকে হেফাজতে ইসলাম একটি মিছিল বের করে। মিছিলকারীরা পারকি সৈকতে বারুণী স্নানের জন্য আসা সনাতনী সম্প্রদায়ের লোকজনের গাড়ি আটকে দেন। এ সময় স্থানীয় লোকজন গাড়িগুলো ছেড়ে দেওয়ার জন্য হেফাজতের লোকজনকে অনুরোধ করলে তাঁরা গ্রামবাসীদের মারধর করেন। এতে সংঘর্ষ বেধে যায়। তখন বাজারের লোকজন এসে হেফাজতের কর্মীদের ধাওয়া করেন। পরে তাঁরা দক্ষিণপাড়ায় গিয়ে মসজিদের মাইকে ইমামদের ওপর হামলা চালানো হচ্ছে বলে প্রচার করেন। এরপর পাড়ার লোকজন জড়ো হয়ে উত্তরপাড়ার লোকজনের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্ররাও তাতে যোগ দেন। এ সময় উত্তরপাড়ার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩২টি গুলি ছুড়ি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেছেন পটিয়া, ফটিকছড়ি ও আনোয়ারা প্রতিনিধি।