চট্টগ্রামে হোটেল-বাসায় ভাঙচুর, থেকেও ব্যবস্থা নেয়নি পুলিশ
চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় একটি আবাসিক হোটেলে ও হোটেল মালিকের বাসায় গভীর রাতে ব্যাপক ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা থেকে গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দফায় দফায় ভাঙচুর করা হয়। এ সময় হোটেল মালিকের গুলিতে তিনজন আহত হয়। ভাঙচুরের সময় কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত থাকলেও ভাঙচুরে বাধা দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, হোটেলের মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এম হোসাইন অ্যান্ড ট্রেড নামের আবাসনপ্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শতাধিক লোক এই ভাঙচুর চালায়। হোসাইনের সঙ্গে হোটেল মালিক বদিউর রহমানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।সরেজমিনে দেখা যায়, চারতলা হোটেলের ৭২টি কক্ষের ৬০টি ছাড়াও পাশে অবস্থিত বদিউরের বাসার প্রতিটি কক্ষ ভাঙচুর ও তছনছ করা হয়। হোটেল ও বাড়ির দেওয়াল শাবল দিয়ে ভেঙে ফেলা হয়। ভেতরের বৈদ্যুতিক পাখা খুলে মেঝেতে ফেলে রাখা হয়। হোটেল মালিকের গাড়িও ভাঙচুর করা হয়। রাতে হোটেলের ৩৯টি কক্ষে অন্তত ৬০ জন অতিথি ছিলেন। এ সময় সন্ত্রাসীরা লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মো. আমিন নামে একজন বর্ডার বলেন, ‘ভোররাতে হঠাৎ করে দরজা ভাঙার শব্দে জেগে উঠি। একজন আমাকে গলাধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেয়। এ সময় মোবাইলটি কেড়ে নেয়।’হোটেল মালিক বদিউর অভিযোগ করেন, ‘সন্ত্রাসীরা হোটেলের ক্যাশ বাক্স থেকে নগদ কয়েক লাখ টাকা, তিনটি টেলিভিশন ও একটি ফ্রিজ লুট করেছে। পুলিশ ভোর সাড়ে ছয়টায় ঘটনাস্থলে এলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। সকাল সাড়ে সাতটার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার সঙ্গে দোতলায় বসে কথা বলেন। আমি ওসিকে ভাঙচুরকারীদের থামাতে বললে তিনি আমাকে বলেন, থেমে যাবে। আপনি আপনার ছেলেমেয়ে ও পরিবারের সব সদস্যদের নিয়ে থানায় আসেন। মামলা দেন। আমরা এদিকটা দেখছি।’ তিনি স্বীকার করেন, সকাল সাড়ে ছয়টার দিকে আত্মরক্ষার্থে ভাঙচুরকারীদের লক্ষ্য করে তিনি তাঁর লাইসেন্স করা দোনলা বন্দুক দিয়ে দুইটি গুলি করেন। এতে তিনজন আহত হন। বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযোগ অস্বীকার করে ওসি সাখাওয়াত বলেন, ‘আমার উপস্থিতিতে ভাঙচুর হয়নি। ভাঙচুর আগে হয়েছে। তখন দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা চলছিল। তবে এখানে হোসাইনেরা নির্যাতিত। অর্থ দিয়েও জায়গা না পেয়ে ওরা মাথা গরম করে এ ঘটনা ঘটিয়েছে। অবশ্য এটা আইনসঙ্গত নয়।’ ভাঙচুরকারীদের গ্রেপ্তারে দেরি করলেন কেন জানতে চাইলে ওসি বলেন, ‘উপকমিশনার যাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করি। তাঁরা হলেন মোহাম্মদ হোসাইন, শামসুল আলম ভুঁইয়া, মো. শাহদাত, বাদশা মিয়া, মো. মোরশেদ ও আলমগীর।’ উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে। বনজ কুমার বলেন, ‘যেভাবে ভাঙচুর হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার যত কাগজপত্র সঠিক থাক আইনের তোয়াক্কা না করে এভাবে ভাঙচুর করা যায় না।’গ্রেপ্তার হওয়া মোহাম্মদ হোসাইন দাবি করেন, ‘আমরা হোটেল ও বাসা মিলিয়ে ফ্ল্যাট বাড়ি করার জন্য চার কোটি ৪০ লাখ টাকায় বায়না করি। ইতিমধ্যে তিন কোটি ৭৯ লাখ টাকা তাদের দেওয়া হয়েছে। এরপর থেকে তারা নানা তালবাহানা করে আমাদের জায়গা বুঝিয়ে দিচ্ছে না। এ জন্য আমরা ভাঙচুর চালিয়েছি।’বদিউরের ছেলে মোস্তফা কামাল দাবি করেন, “হোসাইন ‘ক্রসফায়ারে’ নিহত জামায়াত ক্যাডার আহমইদ্যার সহযোগী। ২০০৪ সালে আমার বাবার মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা একটি চুক্তি করেছিল। এটা নিয়ে মামলা চলছে।”