চট্টগ্রামে ১২ জামায়াত-শিবির কর্মীর রিমান্ড মঞ্জুর
চট্টগ্রাম মহানগরে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়ার মেস থেকে অস্ত্রসহ গ্রেপ্তার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১২ জন কর্মী ও সদস্যের রিমান্ড আজ বৃহস্পতিবার আদালত মঞ্জুর করেছেন। আজ বিকেলে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি ওই ১২ জন আসামিকে আলাদা আলাদা মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।আদালত সূত্র জানায়, মেসবাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলার মালিক এবং জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী একরামুল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তাঁর স্কুলপড়ুয়া ছেলে গোলাম আজম আব্বাসী, শিবিরের কর্মী লুত্ফর রহমান, জাহেদ মুনতাসীর ও আরিফ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত শিবিরের কর্মী একরামুল হক, মহিউদ্দিন, সৈয়দ আল-আমীন মাহমুদ, মিজানুর রহমান, জহিরউদ্দিন, রফিকুল হোসেন ও মঞ্জুর আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত রোববার রাত থেকে গত সোমবার সকাল পর্যন্ত ডবলমুরিং থানার সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাতের নেতৃত্বে এক দল পুলিশ ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ওই মেসবাড়ি থেকে জামায়াত-শিবিরের ১২ সদস্যকে গ্রেপ্তার এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করে।গত সোমবার আসামিদের শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পরে ডবলমুরিং থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম মঞ্জুরুল হক ১২ জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ নির্দেশ দিয়েছেন।