চট্টগ্রামে ১৩ দফার বিরুদ্ধে মশাল মিছিল, কাল নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে ‘নারীবিদ্বেষী’ অভিহিত করে তা রুখতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত নারী সমাজ। একই দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। মশাল মিছিলের আগে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় সমবেত হতে শুরু করেন বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার নারীরা। এ সময় নারীরা হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নারী আন্দোলনকারীরা হেফাজতের ১৩ দফার সমালোচনা করে বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। হেফাজতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে দেশের অগ্রযাত্রা ঠেকানো। আর তাই তারা ১৩ দফা দাবি দিয়ে নারীদের ঘরে বন্দী করতে চায়। নারী নেত্রীরা ১৩ দফাকে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন। এ অবস্থায় নারীদেরই এসব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মত দেন তাঁরা।সমাবেশে উপস্থিত ছিলেন নারী নেত্রী নূরজাহান খান, সম্মিলিত নারী সমাজের সদস্যসচিব হাসিনা মহিউদ্দিন, মহিলা সমিতির পরিচালক লায়লা কবির, রেখা চৌধুরী, চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা। নারী সমাজের অন্যতম সংগঠক মিলি চৌধুরী জানান, আগামীকাল শুক্রবার বিকেলে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে জাগরণী গান, আবৃত্তি ও বক্তব্য থাকবে। সমাবেশে উপস্থিত থাকতে সব নারীর প্রতি আহ্বান জানান তিনি।