চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম খন্দকার ১৬ আগস্ট ঈদের ছুটিতে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় যান। এরপর তাঁর চকবাজারের বাসার পেছনের গ্রিল কেটে চোর ঢুকে ল্যাপটপ, তিনটি মুঠোফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ঈদের দিন বাসায় চুরি হওয়ার খবর পান আরিফুল ইসলাম খন্দকার।অন্যদিকে ব্যবসায়ী সুমন সাহা ঈদের ছুটিতে রাউজানের গ্রামের বাড়িতে যান। এ সুযোগে তাঁর ফাঁকা ফ্ল্যাটের পেছনের গ্রিল কেটে চোর ঢুকে একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন, একটি ডিজিটাল ক্যামেরা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। তিনিও মুঠোফোনে গোয়েন্দা পুলিশের কাছ থেকে বাসায় চুরি হওয়ার খবর পান।পুলিশ জানায়, চট্টগ্রাম নগরে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় এভাবে মূল্যবান সামগ্রী চুরি করে একটি সংঘবদ্ধ দল। এ দলের চার সদস্যকে শনাক্ত করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ দলের সদস্যরা কেবল ফাঁকা বাসা বা ফ্ল্যাটের পেছনের জানালার গ্রিল কেটে বাসার স্বর্ণালংকার, নগদ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ও মূল্যবান কাপড় চুরি করে। পুলিশ জানায়, এবারের ঈদের আগে নগরের ১৩টি বাসায় চুরির অভিযোগ পেয়েছে পুলিশ।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তারেক আহম্মেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঈদ সামনে রেখে ফাঁকা ফ্ল্যাট বা বাসায় একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা মূল্যবান সামগ্রী চুরি করে আসছিল। এ দলের নেতার নাম পিচ্চি মানিক। এবারের ঈদে আমরা ১৩টি অভিযোগ পেয়েছি। পিচ্চি মানিক সব কটি চুরির নেতৃত্ব দিয়েছে।’ তিনি বলেন, এ দলের অন্য সদস্যরা হলো—বিচ্ছু রইন্যা, রুবেল ও স্টিভ গনজালবেস।পুলিশ জানায়, নগরের রিয়াজউদ্দিন বাজারে চোরাই মাল বিক্রি করার আগ মুহূর্তে নগর গোয়েন্দা পুলিশ দুটি বাসা থেকে খোয়া যাওয়া কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় ঈদের আগের দিন একজনকে গ্রেপ্তার করা হয়। দলনেতাসহ এ চক্রের অন্য সদস্যরা গা ঢাকা দিয়েছে।পুলিশ সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা একটি মূল্যবান চোরাই মুঠোফোন উদ্ধারের জন্য অভিযানে নেমে এ সংঘবদ্ধ চোরচক্রের সদস্যদের শনাক্ত করেন। তাঁর হাতে চোরাই মালামালসহ গ্রেপ্তার হয় একজন।এসআই সন্তোষ চাকমা এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, নগরের বিভিন্ন ফাঁকা বাসাবাড়ির পেছনের গ্রিল কেটে মালামাল চুরি করে পিচ্চি মানিকের নেতৃত্বাধীন একটি দলের সদস্যরা। এ দলের সদস্যদের মধ্যে পিচ্চি মানিক কেবল চোরাই স্বর্ণালংকার বাজারে বিক্রি করে আসছিল। ল্যাপটপ ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দায়িত্ব দেওয়া হয় স্টিভ গনজালবেসকে। বিচ্ছু রইন্যা নগদ টাকা নিয়ে যায়। আর নতুন কাপড়ের ভাগ পায় রুবেল। সন্তোষ চাকমা বলেন, ‘এবার কয়েকটি ফাঁকা বাড়িতে শতাধিক ভরি স্বর্ণালংকার ও ইলেকট্রনিক সামগ্রী ছাড়াও নতুন কাপড়চোপড় খোয়া যাওয়ারও অভিযোগ আমরা পেয়েছি। এসব মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।’পুলিশ জানায়, সংঘবদ্ধ চক্রের সদস্য স্টিভ গনজালবেস এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে। চোরাই মালামালসহ তাঁকে ঈদের আগের দিন নগরের সিআরবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একটি ব্যক্তিগত গাড়িতে করে তিনি দুটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন বিক্রির উদ্দেশ্যে স্টেশন রোডের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।স্টিভ গনজালবেস প্রথম আলোকে বলেন, ‘পিচ্চি মানিকের নেতৃত্বে রইন্যা ও রুবেলসহ কয়েকজন বিভিন্ন ফাঁকা বাসাবাড়িতে মালামাল চুরি করে আসছিল। আমি কেবল ইলেকট্রনিক সামগ্রী বিক্রির দায়িত্বটুকু পালন করে আসছিলাম।’ তিনি জানান, চুরি করার আগে তারা ইয়াবা বড়ি খেত। অন্ধকার নেমে এলেই তারা ফাঁকা বাড়ির পেছনের গ্রিল কেটে মালামাল চুরি করে।