চট্টগ্রামে ১৫টি গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা আধা বেলার হরতাল শেষ হয়েছে। হরতালের সময় পুলিশ শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে।গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। এর প্রতিবাদে ছাত্রশিবির চট্টগ্রাম নগরে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের ডাক দেয়।এদিকে সংঘর্ষের ঘটনায় শিবিরের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে পুলিশ মামলা করেছে।গতকাল ভোর থেকেই শিবিরের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করেন। এ সময় তাঁরা ভিন্ন কৌশল নেন। আগের কর্মসূচিগুলোর মতো গতকাল শিবিরের বেশি সংখ্যক নেতা-কর্মীকে জড়ো হতে দেখা যায়নি। নগরের বিভিন্ন মোড়ে সর্বোচ্চ দুই থেকে তিনজনকে একসঙ্গে পিকেটিং করতে দেখা যায়। গাড়ি ভাঙচুরের সময় পুলিশ ধাওয়া করলে শিবিরের কর্মীরা সাধারণ পথচারীদের সঙ্গে মিশে যান। এতে তাঁদের চিহ্নিত করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।পুলিশ সূত্র জানায়, হরতালের সময় নগরের বিভিন্ন স্থান থেকে পুলিশ শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. ইশতিয়াক হোসেন, মিজানুর রহমান, মো. মোরশেদ, রুবেল চৌধুরী, সাইফউদ্দিন, আহম্মদ শফি, মো. সোহরাব হোসেন, আতাউল্লাহ ও মো. আলমগীর। গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।হরতালের সময় শিবিরের নেতা-কর্মীরা নগরের চকবাজার, মুরাদপুর, চান্দগাঁও, বক্সিরহাট এলাকায় ঝটিকা মিছিল করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হরতাল-সমর্থকেরা ১৫টি গাড়ি ভাঙচুর করে।গতকাল নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হরতালের মধ্যে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পোসহ কিছু ভারী যানবাহনও চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা শুরু হয়।হরতালের মধ্যে চট্টগ্রাম থেকে দূরপাল্লার প্রায় সব বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। সময়সূচি অনুযায়ী চলাচল করেছে সব কটি ট্রেন। নগরের ইপিজেডসহ প্রায় সব শিল্পকারখানায় কাজকর্ম ছিল স্বাভাবিক। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। দুপুর ১২টার আগ মুহূর্ত পর্যন্ত নগরের বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল। হরতালের মধ্যে চট্টগ্রাম বন্দরের কাজকর্ম ছিল স্বাভাবিক।চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, হরতালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার সময় পুলিশ কয়েকজন হরতাল-সমর্থককে গ্রেপ্তার করেছে।এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু মিয়া গত বুধবার গভীর রাতে একটি মামলা করেছেন। এতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।হাটহাজারী থানার কর্তব্যরত কর্মকর্তা নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিবিরের ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গত বুধবার ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছিল।পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল হাটহাজারী থানায় একটি অভিযোগ দেওয়া হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযোগটি লিপিবদ্ধ করেনি। পুলিশ জানায়, এটিও লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলছে।শিবিরের পক্ষ থেকে গতকাল থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।উল্লেখ্য, গত বুধবার ক্যাম্পাসে সংঘর্ষে ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি মাসউদ বিন হাবিব এবং শহীদ আবদুর রব হলের ছাত্র ও শিবিরের সাথি মোজাহিদুল ইসলাম নিহত হন।আসকের উদ্বেগ ও নিন্দা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।গতকাল আসকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা মনে করি, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠনগুলোর বেপরোয়া ও সহিংস আচরণ শিক্ষাঙ্গনের শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত করছে। আমরা আশা করি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা বজায়সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ঢাকায় শিবিরের বিক্ষোভ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে হত্যার প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।সকালে রাজধানীর কল্যাণপুর ও বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দুটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে শিবিরের নেতারা বলেন, ছাত্রলীগের বেপরোয়া সন্ত্রাস বন্ধ করা না হলে প্রয়োজনে সব ক্যাম্পাসে ধর্মঘট ও ক্লাস বর্জন করা হবে।এদিকে এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ও সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং মামলায় জড়ানোর প্রতিবাদ জানান।