চট্টগ্রামে ১৮ ও ১৯ জুলাই পরিবহন শ্রমিক ধর্মঘট
আগামী ১৮ জুলাই উত্তর চট্টগ্রামের ৩৬টি রুটে এবং ১৯ জুলাই বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখা। আওয়ামী লীগ নেতার নেতৃতে ফটিকছড়িতে জেলা কার মাইক্রোবাস জিপ শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল, পুলিশের গাড়ি রিকুইজিশন-বাণিজ্য বন্ধ, সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, চট্টগ্রামে ট্রাক টারমিনাল নির্মাণ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট ডাকা হয়েছে। সংগঠনটির কার্যকরী সভাপতি হিসেবে এখন দায়িত্ব পালন করছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও ধর্মঘটের ব্যাপারে অবগত আছেন। শ্রমিক নেতারা বলেন, যেসব দাবিদাওয়া আদায়ের জন্য শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে, সেগুলো এর আগে নৌপরিবহনমন্ত্রীকে অবহিত করা হয়েছিল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রী বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। কিন্তু কোনো দাবি বাস্তবায়ন হয়নি। এ জন্য বাধ্য হয়ে ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিক নেতারা দাবি করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুরী। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অলি আহমদ, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসা, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আহমদ, চট্টগ্রাম ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বদিউল মওলা প্রমুখ।