চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায়, সেটি পরের দিনও (গতকাল শুক্রবার) উড়তে পারেনি।যাত্রীদের এক দিন এক রাত বিমানবন্দরে অপেক্ষমাণ রেখে তাঁদের গতকাল সকালে অন্য একটি বিমান সংস্থার ফ্লাইটে তুলে দেওয়া হয়।ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, এই দীর্ঘ সময়ে তাঁদের বেশ দুর্ভোগে পড়তে হয়। তাঁদের থাকা-খাওয়ার কোনো ব্যবস্থাও করেনি ইউনাইটেড এয়ারওয়েজ।বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম থেকে ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটটির ঢাকার উদ্দেশে উড্ডয়ন করার কথা ছিল। এতে যাত্রী ছিলেন প্রায় ৬০ জন। পাঁচ-ছয়জন বিদেশি যাত্রীও ছিলেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বৃহস্পতিবার রাতে দুই যাত্রীর যুক্তরাজ্য, একজনের অস্ট্রেলিয়া এবং অন্য দুজনের অন্য দেশের ফ্লাইট ধরার কথা ছিল। তাঁরা পরে অন্য বিমান সংস্থার টিকিট কেটে ঢাকায় ফেরেন।যাত্রীরা বলেন, সকাল সাড়ে আটটায় তাঁদের জানানো হয়, ফ্লাইট কিছুটা বিলম্বিত হবে। বলা হয়, সাড়ে নয়টার স্থলে ফ্লাইটটি ছাড়বে বেলা ১১টায়। বেলা ১১টায় বলা হয়, প্রধানমন্ত্রী ঢাকা বিমানবন্দরে নামবেন বলে তাদের ফ্লাইটটির আরও বিলম্ব হবে। এরপর বেলা আড়াইটার দিকে যাত্রীদের বলা হয়, ফ্লাইটটি বাতিল করা হয়েছে।এ অবস্থায় অধিকাংশ যাত্রী সারা রাত বিমানবন্দরেই কাটান। পরে গতকাল সকাল সাতটা ১০ মিনিটে তাঁদের বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।ভুক্তভোগী যাত্রী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্ল্যাস্ট) উপপরিচালক ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইট বাতিল হওয়ার আগেই বোর্ডিং পাস দেওয়া হয়। যাত্রা বিলম্বিত হওয়ায় ইউনাইটেড এয়ারকে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে বলি, কিন্তু তারা করেনি। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন।’ তিনি বলেন, ‘সারা রাত আমরা বিমানবন্দরে নির্ঘুম কাটিয়ে দিলাম। এটা অত্যাচার ছাড়া আর কিছুই নয়।’জানতে চাইলে ইউনাইটেড এয়ারওয়েজের শাহ আমানত বিমানবন্দর শাখার কর্মকর্তা কল্লোল বড়ুয়া প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ যাত্রাপথে চলাচলকারী ফ্লাইটে তাঁরা যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা রাখেন না।ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) বদরুদ্দোজা সাগর বলেন, উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়। তাঁর দাবি, প্রথম দিকে হয়তো মনে করা হয়েছিল ত্রুটি সারানো সম্ভব, তাই বিলম্বিত করে সে চেষ্টা করা হয়। পরে যখন সারানো সম্ভব হয়নি, তখন ফ্লাইট বাতিল করা হয়।অনেক যাত্রীর অভিযোগ, ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটের এমন পরিস্থিতি প্রায়ই হয়ে থাকে। বদরুদ্দোজা সাগরও প্রথম আলোর কাছে এ কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কয়েকটি বিমানে মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। তাই ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা, কাস্টমস কিংবা ব্যাংকের কারণে মেরামতের যন্ত্রপাতি পেতে দেরি হচ্ছে। তাই যাত্রীদের কাছে আমাদের ছোট হতে হচ্ছে।’