ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল আসবে * খাদ্যশস্য মজুদের জায়গা নেই
চট্টগ্রামে ৩৪ সরকারি গুদাম ভাড়া দিয়ে রেখেছে চেম্বার
চট্টগ্রামের হালিশহরের ৩৪টি সরকারি গুদাম ভাড়া নিয়েছিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শর্ত ছিল, সরকার চাইলে এক মাসের নোটিশে গুদামগুলো ফেরত দেবে চেম্বার। ভাড়া নিয়ে চেম্বার এসব গুদাম আরও বেশি দামে ব্যবসায়ীদের ভাড়া দেয়। খাদ্যনিরাপত্তা গড়ে তোলার স্বার্থে এখন খাদ্য বিভাগ এসব গুদাম ফেরত চাইছে। কিন্তু চেম্বার গুদাম ফেরত দিতে রাজি হচ্ছে না। ফলে আমদানি করা খাদ্যশস্য সংরক্ষণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে খাদ্য বিভাগকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে এসব গুদাম ছেড়ে দিতে সরকারের পক্ষ থেকে গত ১১ মাসে চেম্বারকে অন্তত ১০টি চিঠি দেওয়া হয়। মৌখিক তাগাদা দেওয়া হয় অসংখ্যবার। কিন্তু চেম্বার সরকারি চিঠি কিংবা তাগাদাপত্রের কোনো জবাব দিচ্ছে না। এমনকি তারা গুদামের ভাড়াও পরিশোধ করছে না।অভিযোগ উঠেছে, ১১ মাস ধরে চেম্বার গুদাম ভাড়া এবং বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। ফলে এ খাতে চেম্বারের কাছে সরকারের পাওনা দাঁড়ায় প্রায় দুই কোটি টাকা। এ টাকা পরিশোধে বারবার চিঠি দিলেও চেম্বারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হচ্ছে না।চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ এখন দেশের বাইরে আছেন। জানতে চাইলে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম গুদাম ভাড়া পরিশোধ না করার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব গুদামে দেশের বড় বড় আমদানিকারকের পণ্য আছে। তবে ২০০৯ সালের মার্চ থেকে গুদামে পণ্য রাখতে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে আমরা ভাড়া পরিশোধ করছি। চেম্বার সভাপতি বিদেশ থেকে এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’আমদানি করা খাদ্যশস্য রাখার জায়গা নেই: খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে সরকারি গুদামগুলোয় ৯০ হাজার টন খাদ্যশস্য রাখার ধারণক্ষমতা আছে। অথচ কয়েক দিন আগের এক হিসাবে দেখা যায়, এসব গুদামে মাত্র ৩০ হাজার টন খাদ্যশস্য রাখার মতো খালি জায়গা আছে। চট্টগ্রাম বন্দরে খাদ্য বিভাগের তিনটি জাহাজে খালাসের অপেক্ষায় আছে আট হাজার টন চাল। আজ শনিবার বন্দরে আসছে আরও ১২ হাজার টন চাল। এসব জাহাজের চাল খালাস করে চট্টগ্রাম অঞ্চলে রাখা যাবে না। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে হালিশহরের গুদাম ফেরত পাওয়া না গেলে আতপ চাল সংরক্ষণে ভয়াবহ সংকট দেখা দেবে। কারণ, শিগগিরই দেশে ৩০ হাজার টন আতপ চাল আসছে। তিনি বলেন, আগামী সপ্তাহে চুক্তি হলে ১৫-২০ দিনের মধ্যে ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল আসবে। এসব চালের বেশির ভাগ চট্টগ্রাম অঞ্চলে ব্যবহার করতে হবে। তাই এ মুহূর্তে চট্টগ্রামে খাদ্যশস্য সংরক্ষণে পর্যাপ্ত জায়গা দরকার। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, খাদ্য বিভাগের এ ৩৪টি গুদামে একসঙ্গে ৪৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য রাখা যায়। ১৯৬৫ সালে তৈরি এসব গুদামের মূল মালিকানা ছিল খাদ্য বিভাগের। বিগত জোট সরকারের আমলে গুদাম ভেঙে সেখানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এ কারণে ২০০৬ সালের ২১ ডিসেম্বর গুদামগুলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) হাতে তুলে দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে খাদ্যশস্য রাখার জায়গার সংকট দেখা দিলে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে এসব গুদাম চট্টগ্রাম চেম্বার ভাড়া নেয়।জানা যায়, চেম্বার গুদামের প্রতি বর্গফুট জায়গার জন্য বেপজাকে চার টাকা করে ভাড়া দেয়। আর চেম্বার আমদানিকারকদের কাছ থেকে আদায় করে সাড়ে চার টাকা। ফলে ৩৪টি গুদামের তিন লাখ আট হাজার ৬৭৭ বর্গফুট আয়তন থেকে প্রতি মাসে চেম্বারের আয় হয় প্রায় দেড় লাখ টাকা। এ হিসাবে গত ৪০ মাসে এ খাতে চেম্বার প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে।বেপজা সূত্র জানায়, সর্বশেষ গত সোমবার বেপজা কার্যালয়ে সভা ডাকা হয়। কিন্তু চট্টগ্রাম চেম্বারের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সভা হয়নি। উল্টো চট্টগ্রাম চেম্বার বেপজাকে চিঠি দিয়ে জানায়, গুদাম ভাড়া ও চাবি ফেরত চেয়ে যাতে আর চেম্বারকে কোনো চিঠি দেওয়া না হয়। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বেপজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বেপজার জ্যেষ্ঠ নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ‘চাবি ও ভাড়া বুঝিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম চেম্বারকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু চেম্বার চাবি বুঝিয়ে দেয়নি। এ কারণে ১১ মাসেও খাদ্য বিভাগকে এসব গুদাম ফিরিয়ে দেওয়া যায়নি। অথচ খাদ্য বিভাগ প্রতিনিয়ত আমাদের গুদাম ফিরিয়ে দিতে তাড়া দিচ্ছে।’গত মঙ্গলবার দুপুরে হালিশহর সিএসডি গুদামে গিয়ে দেখা যায়, সারি সারি গুদাম তালাবদ্ধ। গুদাম পাহারায় মোতায়েন আনসার সদস্যরা জানান, প্রতিদিন দু-তিন ট্রাকে গম, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে আমদানিকারকের লোকজন। পণ্য খালাস শেষে আবার তারা তালা লাগিয়ে দেয়।