চট্টগ্রামে ৫৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা দ্রুত বিচার আইনের দুটি মামলায় বিএনপি ও জামায়াতের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। কোতোয়ালি থানার পুলিশ গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে। একটি অভিযোগপত্রে জামায়াতের নগর কমিটির আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ দলের ২৩ জনকে এবং অন্যটিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ১৩ মে নগরের কাজীর দেউরি, নাসিমন ভবন চত্বর, এনায়েতবাজার, জুবিলি রোড, লালখানবাজার, ওয়াসার মোড়সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ৩০ জন সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হন। বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীরা তিনটি প্রাইভেট কার পুড়িয়ে দেন। ভাঙচুর করেন শতাধিক গাড়ি। এ ঘটনায় করা ছয়টি মামলার মধ্যে দুটি ছিল দ্রুত বিচার আইনের। আদালত সূত্র জানায়, কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক হারুন অর রশিদের করা মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে শাহাদাৎ হোসেন, আসলাম চৌধুরী, আবুল হাশেম বক্কর, শেখ রাসেল, এম এ হাশেম রাজু, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান আবু আহম্মেদ হাসনাত, জসিমউদ্দিন ওরফে সিএনজি জসিমসহ ১৫ জনকে অভিযোগপত্রে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। তাঁদের মধ্যে এম এ হাশেম রাজু, আবু আহম্মেদ হাসনাত ও সিএনজি জসিম বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ঘনিষ্ঠ বলে জানা গেছে। আদালত সূত্র আরও জানায়, কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলামের করা মামলায় জামায়াতের সাংসদ আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের নগর কমিটির সেক্রেটারি নজরুল ইসলাম, শিবিরের ক্যাডার জাহিদ ওরফে হাতকাটা জাহিদ, আবদুল্লাহ আল হাসান, মো. ফারুকসহ ২৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, দ্রুত বিচার আইনে করা মামলার অভিযোগপত্র সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে তদন্ত শেষ করে দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে ১৩ মে গাড়ি পোড়ানো এবং আইনশৃঙ্খলা বিঘ্ন করে ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মঈনউদ্দিন প্রথম আলোকে বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি অভিযোগপত্র ‘সিন’ (আদালতের নজরে আনা) করানো হয়েছে। আদালত এ বিষয়ে একটি তারিখ ধার্য করে পলাতক আসামিদের ব্যাপারে সিদ্ধান্ত ও বিচারকাজ শুরু করবেন। প্রসঙ্গত, ১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনের দুটিসহ মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে চারটি কোতোয়ালি থানায় এবং দুটি খুলশি থানায় করা হয়েছে। ছয়টি মামলার আসামির সংখ্যা প্রায় আড়াই হাজার। অন্য চারটি মামলার তদন্ত চলছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।