চট্টগ্রামে ৮.৫ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক জানিয়েছেন, বন্দর নগরী চট্টগ্রামে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই মাত্রার ভূমিকম্প হলে চট্টগ্রামের আনুমানিক এক লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এ এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ভূতাত্ত্বিক ও ভবন জরিপ চালিয়ে যাচ্ছে। ভূমিকম্পে বন্দরেরও যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।মন্ত্রী আরও জানান, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রামসহ সারা দেশে ৬২ হাজার নগর স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। এরই মধ্যে আড়াই হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিকম্পে করণীয় বিষয় বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে সুনামি ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক জানান, ঢাকা মহানগরে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এরই মধ্যে রাজউক ৩২১টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা ঢাকা সিটি করপোরেশনে পাঠিয়েছে। অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সুপারিশ প্রণয়নের জন্য রাজউকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা সিটি করপোরেশনে পাঠিয়েছে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী আবদুর রাজ্জাক জানান, চলতি বছরে আবাদ ভালো হওয়ায় চাল আমদানির মূল বাজেট আট লাখ মেট্রিক টন থেকে কমিয়ে ৪ দশমিক ৫৭ লাখ মেট্রিক টনে পুনর্নির্ধারণ করা হয়েছে। সুতরাং এ বছর নতুন করে চাল আমদানি করতে হবে না।শাহ আলমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে অভ্যন্তরীণ উত্স থেকে ১০ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল এবং এক লাখ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের জানান, অর্থনৈতিক সংকট নিরসনের জন্য সম্প্রতি অপ্রয়োজনীয় ও বিলাসবহুল ৭৯টি পণ্যের ওপর রেগুলেটরি ডিউটি আরোপ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, সৌদি আরবের নতুন নীতিমালা অনুযায়ী কোনো একটি প্রতিষ্ঠানে কোনো একটি দেশের ২০ শতাংশের বেশি শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। সে কারণে যেসব প্রতিষ্ঠানে ২০ শতাংশের কম বাংলাদেশি রয়েছে, কেবল সেসব প্রতিষ্ঠানে বাংলাদেশি জনবল নেওয়া হচ্ছে।এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে ৮০ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সাত হাজার ২৮৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স হিসাবে পাওয়া গেছে।