নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুক আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের একটি আবেদন খারিজ করে দিয়েছেন। সিটি নির্বাচনের হলফনামায় ‘বিদ্যুৎ চুরিসংক্রান্ত’ তথ্য গোপনের অভিযোগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। সেই মামলাটি খারিজের জন্য আবেদন করেছিলেন মেয়র মন্জুর। আজ বিচারক গোলাম ফারুক মন্জুরের আবেদন খারিজ করে দেওয়ায় তাঁর বিরুদ্ধে মহিউদ্দিন চৌধুরীর মামলার শুনানি চলতে আর কোনো আইনি বাধা নেই। আদালত সূত্র জানায়, আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত ১৮ জুলাই সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মেয়র মন্জুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মামলাটি করেন। এরপর গত ১৭ আগস্ট মেয়র মন্জুর তাঁর বিরুদ্ধে করা মামলাটি খারিজের আবেদন করেন। আদালত খারিজের আবেদনের ওপর গত ৫ অক্টোবর দুই দফা শুনানি করেন। প্রসঙ্গত, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মামলায় মেয়র মন্জুর আলমকে প্রথম ও মূল বিবাদী করা হয়। পাশাপাশি মেয়র পদে অন্য ছয়জন প্রার্থীকেও বিবাদী করা হয়। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারকে মামলায় মোকাবিলা বিবাদী করেন মহিউদ্দিন চৌধুরী। উল্লেখ্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) করা মামলায় মন্জুর আলমের প্রতিষ্ঠান ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেয়। অথচ বিষয়টি মন্জুর আলম হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া মনজুরের বিরুদ্ধে প্রচারণার সময় নির্বাচনী বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। তাই মেয়র পদে তাঁকে অবৈধ ঘোষণার পাশাপাশি সামগ্রিক নির্বাচন বাতিলেরও আবেদন জানান মহিউদ্দিন চৌধুরী।গত ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।