চট্টগ্রামের আগ্রাবাদে মুক্তিপণের টাকাসহ অপহরণকারী আটক
চট্টগ্রামের আগ্রাবাদে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে গতকাল বুধবার রাতে আলমগীর নামের এক ব্যক্তিকে মুক্তিপণের টাকাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি দল।র্যাব জানায়, রাজধানী ঢাকার বাসাবোর একটি বাড়ি থেকে গত সোমবার ইমাম হোসেন নামের ১৩ বছরের এক কিশোরকে কক্সবাজারে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে চট্টগ্রামে নিয়ে যায় তাদেরই বাড়ির ভাড়াটিয়া মিরাজ উদ্দিন।সেখানে মিরাজ ও তাঁর সঙ্গীরা ইমামকে জিম্মি করে তার বাবা গোলাম মোস্তফার কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিনি বিষয়টি র্যাবকে জানান।অপহরণকারীরা একবারে পুরো টাকা চাইলেও একপর্যায়ে গোলাম মোস্তফা তাদের কিস্তিতে টাকা দেওয়ার বিষয়ে রাজি করান এবং গতকাল প্রথম কিস্তিতে তিনি ১৫ হাজার টাকা পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় র্যাব আগে থেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে ওত্ পেতে ছিল। অপহরণকারী দলের সদস্য আলমগীর গোলাম মোস্তফার পাঠানো টাকা তুলতে গেলে র্যাব তাঁকে টাকাসহ আটক করে। পরে আলমগীরের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী রাত ১০টার দিকে নগরের বায়েজীদ বোস্তামির মুক্তিযোদ্ধা কলোনি থেকে ইমামকে উদ্ধার করা হয়।এ সময় মিরাজ উদ্দিন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।