সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের নেতা অভিযোগে গ্রেপ্তার হারুন মল্লিক গতকাল রোববার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি কীভাবে ছিনতাই কাজে জড়িত হন, কীভাবে অটোরিকশা চুরি করেন, তার বিস্তারিত উল্লেখ করেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে জেলা পুলিশ গতকাল তাঁকে আদালতে হাজির করে।আদালত সূত্র জানায়, গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায় চৌধুরী ও বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়ার আদালতে দুই দফায় জবানবন্দি দেন হারুন মল্লিক। এতে তিনি দাবি করেন, নোয়াখালীর জনৈক মিন্টুর হাত ধরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের কাজে যোগ দেন তিনি। আদালত সূত্র জানায়, হারুন জবানবন্দিতে তাঁর বাহিনীর কয়েকজন সদস্যের নাম বলেছেন। তাঁরা হলেন শান্ত, দেলোয়ার, রফিক, শাহজাহান, আনিছ, আয়নাল, সোহাগ, জাহিদ প্রমুখ। তাঁরা অটোরিকশা ছিনতাই করে নির্দিষ্ট গ্যারেজে নিয়ে যেতেন। এরপর মুঠোফোনে অটোরিকশার মালিকের সঙ্গে দর-কষাকষি করে টাকা আদায় করতেন। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগর ও জেলায় দেড় হাজার অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে হারুন জড়িত। তাই আমরা জেলা ও নগরের সব থানায় বার্তা পাঠিয়েছি, যাতে অটোরিকশা ছিনতাই বা চুরির মামলায় হারুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে নগরের কোতোয়ালি থানার একাধিক অটোরিকশা চুরির মামলায় হারুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’পুলিশ সূত্র জানায়, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে তিনি লাখ লাখ টাকার মালিক হন। পটুয়াখালীর বাউফলে নিজ এলাকায় তিনি নিজেকে ঢাকার আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। এলাকায় প্রচুর দান-খয়রাত করে তিনি ‘দানবীর’ হয়ে গেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করারও প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্রসঙ্গত, পটুয়াখালীর বাউফল থানার পুলিশ গত ২২ নভেম্বর হারুনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশের কাছে সোপর্দ করে।