চট্টগ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘চট্টগ্রামের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।’ তিনি আজ শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চট্টগ্রাম সমিতির বার্ষিক মেজবান ও মিলনমেলা ২০১০-এর প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। সৈয়দ আশরাফ আরও বলেন, চট্টগ্রামের সঙ্গে চীনের সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে সম্ভাব্যতা যাচাই চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আসন্ন চীন সফরে চট্টগ্রামের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের ব্যাপারে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।স্থানীয় সরকারমন্ত্রী তাঁর ভাষণে চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার সোনাদিয়াতে গভীর সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এই সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহরে পরিণত হবে। এ ছাড়া চট্টগ্রাম বিমানবন্দরের আধুনিকীকরণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ দ্রুত ও আধুনিকীকরণসহ চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান সৈয়দ আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, চট্টগ্রামের উন্নয়নের দাবি সারা দেশের মানুষেরই দাবি। সরকার চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে সচেষ্ট।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়কমন্ত্রী আফসারুল আমীন, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের মন্ত্রী ও সাংসদেরা তাঁদের বক্তব্যে বলেন, চট্টগ্রাম কেবল নামেই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তারা একে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও আইনি পদক্ষেপের দাবি জানান।