চট্টগ্রামের একটি বৌদ্ধবিহারে চুরি চীবরে আগুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বৌদ্ধবিহারে গত রোববার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বিহারের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে বুদ্ধমূর্তির চীবরে (বস্ত্রে) আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের জ্যেষ্ঠপুরা গ্রামে অবস্থিত এই বৌদ্ধবিহারের নাম শাক্যমুনি বৌদ্ধবিহার। রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সেখানে চুরি ও আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বড়ুয়া বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৌদ্ধবিহারটিতে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল চোর হানা দেয়। এ সময় তারা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা-পয়সা নিয়ে যায়। পরে বৌদ্ধমূর্তির গায়ে থাকা চীবরে আগুন লাগিয়ে দিয়ে চোরেরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোরেরা মন্দিরের দানবাক্স ভেঙে পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে গেছে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা চলে যাওয়ার সময় চীবরে আগুন ধরিয়ে দেয়। তবে আগুনে মূর্তির কোনো ক্ষতি হয়নি।