চট্টগ্রামের কনসার্টে আইয়ুব বাচ্চুর সূচনা সংগীত
জীবনের সব ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতাকে ‘না’ বলতে ২৬ নভেম্ব্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করা হয়েছে। যৌথভাবে এই কনসার্ট আয়োজন করেছে ইউএনএফপিএ ও বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন)। এই কনসার্টের জন্য একটি শিরোনাম সংগীত তৈরি করেছেন আইয়ুব বাচ্চু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুব বাচ্চুর নিজস্ব স্টুডিও এবি কিচেনে ধারণ করা হয় গানটি। ‘নারী আমাদের মা-বোন, নারী আমাদের জীবন’ গানটি যৌথভাবে লিখেছেন আসমা, মারুফ ও আফসানা। সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্রিপটিক ফেইটের শাকিব, নেমেসিসের জোয়াদ ও পাওয়ার সার্জের জামশেদ। গানটি ধারণ করার সময় উপস্থিত ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদ। আইয়ুব বাচ্চু বলেন, ‘নারীর প্রতি সহিংসতা নিয়ে ইউএনএফপি যেভাবে কাজ করছে, সেখানে এই গানটি বামবার পক্ষ থেকে তাদের একটি উপহার। আগামী সোমবার থেকে বিভিন্ন এফএম রেডিওতে গানটি প্রচারিত হবে। এটি প্রগ্রেসিভ রক ঘরানার গান।’‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকার পুরুষ হোন’ স্লোগান নিয়ে আয়োজিত এই কনসার্টে অংশ নিচ্ছে এলআরবি, নগর বাউল, মাইল্স, ওয়ারফেজ, ফিডব্যাক, পেন্টাগন, অর্থহীন, প্রমিথিউস, আর্টসেল, ক্রিপটিকফেট, ব্ল্যাক, নেমেসিস, পাওয়ার সার্জ এবং বেদুইন।