চট্টগ্রামের চেয়ে নারায়ণগঞ্জে আমরা কঠোর: সাখাওয়াত
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যখন যে দল ক্ষমতায় থাকে, প্রশাসন তার কথাই শোনে। আর নির্বাচনে অনেক প্রার্থী পুলিশ ও প্রশাসনকে কাজ লাগাতে চান। কিন্তু আমরা প্রার্থীদের অনুরোধ করব, প্রশাসনকে ব্যবহার করবেন না। প্রশাসন কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে—এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’সাখাওয়াত হোসেন বলেন, ‘পুরো দেশ আজ দুই ভাগে বিভক্ত। প্রশাসন, পুলিশ, গণমাধ্যম সর্বক্ষেত্রে এ নিয়মটি ছড়িয়ে পড়েছে। আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে।’সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে জিততে হলে হোন্ডা ও গুন্ডা দরকার—এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দুই দলই সন্ত্রাসী ব্যবহার করতে চায়—এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের নির্বাচনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা এখানকার পরিস্থিতি লক্ষ রাখছি। তাই আমরা চট্টগ্রামের চেয়ে অনেক বেশি কঠোর থাকব নারায়ণগঞ্জে।’আজ বুধবার নারায়ণগঞ্জে শহীদ জিয়া মিলনায়তনে প্রার্থী, ভোটার এবং সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।অনুষ্ঠানে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত বলেন, ‘নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসন একটি পরিবারের প্রতি পক্ষপাতিত্ব করছে। বর্তমান জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে আমি অনেকবার অভিযোগ দিয়েছি। এই প্রশাসনের রদবদল দাবি করছি।’সেলিনা হায়াত বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে, তাদের (প্রশাসন) আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন, তাহলে আমি আপনাদের সেই কথায় আস্থা রাখতে চাই।’সেলিনা হায়াত আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাস নিয়ে আতঙ্কিত, সন্ত্রাসীরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।সেলিনা হায়াতের অভিযোগ নারায়ণগঞ্জে অনেক বড় বড় সন্ত্রাসী আছে। তারা অনেকে পালিয়ে ছিল, এখন আবার ফিরে এসেছে।সন্ত্রাসী নিয়ে সেলিনার এই অভিযোগ সম্পর্কে সাখাওয়াত বলেন, ‘আমি জেলা পুলিশকে বলে দিয়েছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমাদের জানাবেন আমরা অ্যাকশনে যাব।’সাখাওয়াতের এমন মন্তব্যে জবাবে সেলিনা হায়াত বলেন, এসব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দেওয়ার সাহস সাধারণ মানুষের নেই। আর কেউ মামলা দিতে গেলে সেই মামলা নেওয়ার সাহস পুলিশের নেই।সম্ভাব্য প্রার্থী শামীম ওসমান বলেন, ‘কোনো কারণ ছাড়াই নারায়ণগঞ্জে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে। এখানকার পরিস্থিতি অন্য জেলার চেয়ে ভালো। গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, তারা অযথাই বিতর্ক সৃষ্টি করছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছে।’বিএনপির সম্ভাব্য প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জে বর্তমানে যে পরিস্থিতি, তাতে সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।’দুপুর ১২টায় শুরু হয়ে মতবিনিময় সভা চলে বেলা দুইটা পর্যন্ত।জেলা প্রশাসক শামসুর রহমান, পুলিশ সুপার নাজমুল আলম, জেলা নির্বাচন কমিশনার ফরহাদ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।