চট্টগ্রামের জনগণ সরকারের দুঃশাসন ও ব্যর্থতার বিরুদ্ধে রায় দিয়েছে : মির্জা ফখরুল
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বর্তমান সরকারের দুঃশাসন ও ব্যর্থতার বিরুদ্ধে রায় দিয়েছে। এ রায় সরকারের জন্য সর্তক সংকেত। এ নির্বাচনে প্রমাণ হয়েছে যে জনগণ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা শুধু চট্টগ্রামে নয়, সারা দেশের চিত্র। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি চট্টগ্রাম বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মনজুর আলমের বিজয়কে গণতন্ত্রের বিজয় বলে আখ্যা দিয়ে বলেন, ছোট ছোট কারচুপি হলেও নির্বাচনে জনগণের সঠিক রায় প্রতিফলিত হয়েছে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের অধিকারকে ভূলুণ্ঠিত করে কেউ যে ক্ষমতায় থাকতে পারে না, এ নির্বাচন তার প্রমাণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন কমিশনের পক্ষে কখনো সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন সম্ভব নয়। জনগণের চাপে তারা এ ধরনের নির্বাচন করতে বাধ্য হয়েছে।‘জিতলেই নির্বাচন সুষ্ঠু আর হারলেই কারচুপি’—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের এমন বক্তব্যের প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, এ ধারণা সৃষ্টি করেছে আওয়ামী লীগ। বিএনপি ’৯১ সালে ক্ষমতার আসার পর আওয়ামী লীগ গণমাধ্যমে ফলাও করে এসব ভাষা প্রচলন করে।পরে এ্যাব আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন ফখরুল ইসলাম। সংবাদমাধ্যম বন্ধ ও প্রকৌশলী মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।