চট্টগ্রামের থানার সামনে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন শ্রমিকেরা সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সোবহানকে আটকে রাখার প্রতিবাদে চট্টগ্রামের ডবলমুরিং থানার সামনে বিক্ষোভ করেছে। আজ সোমবার ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে একজন পুলিশ কর্মকর্তা ওই চালককে থানাহাজতে আটকে রাখেন। পরে বিক্ষোভের মুখে পুলিশ সোবহানকে ছেড়ে দেয়।পরিবহন শ্রমিক সূত্র জানায়, ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর আলী সকালের দিকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেন। তিনি নগরের চৌমুহনী থেকে মোগলটুলী হয়ে ডবলমুরিং থানা ভবনে ফিরে আসেন। এ জন্য অটোরিকশার চালককে ভাড়া বাবদ ১০০ টাকার নোট দেন। চালক সোবহান ৫০ টাকা ফেরত দিলে এসআই বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সোবহানকে থানাহাজতে আটকে রাখেন সেকান্দর।পরিবহন শ্রমিক আশরাফ হোসেন জানান, এসআই সেকান্দর যতটুকু পথ ভ্রমণ করেছেন, সে জন্য মিটারে কমপক্ষে ৪৫-৫০ টাকা ভাড়া ওঠার কথা। সোবহান ১০০ টাকার নোট থেকে ৫০ টাকা ভাড়া কেটে নিলে পুলিশ কর্মকর্তা তাঁকে মারধর করে থানায় আটকে রাখেন। এ জন্য অটোরিকশার চালকেরা থানা ভবনের সামনে বিক্ষোভ করেন।এ ব্যাপারে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে সেকান্দর আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাড়া নিয়ে ঝামেলা হওয়ার কারণে একজন চালককে আটকে রাখা হয়। বিষয়টি আমাদের নজরে এলে আমরা চালক সোবহানকে ছেড়ে দিই। তবে চালক সোবহানের আচরণও সঠিক ছিল না।’