চট্টগ্রামের নির্বাচনে কারচুপি হলেই আন্দোলন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে সেদিন থেকেই গণ-আন্দোলন শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা কে কোথায় থাকবেন, সেটা তখন জনগণ দেখবে না। ওই পরিস্থিতিতে নিজ নিরাপত্তার দায়িত্ব তাঁদের নিজেদেরই করতে হবে বলে তিনি সতর্ক করে দেন। খালেদা জিয়া আজ সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে তার কঠোর সমালোচনা করেন। তিনি অবিলম্বে আমার দেশ পত্রিকা চালু এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া আহ্বান জানান।আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির পূর্বঘোষিত গণ-অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়ে চলে বেলা পৌনে তিনটা পর্যন্ত। খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার দিকে এতে যোগ দেন। বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ ও অযোগ্যদের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—এ অভিযোগ এনে এর প্রতিবাদে আজ গণ-অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। কর্মসূচিতে বিএনপির জোটভুক্ত ও সমমনা দল এবং পেশাজীবী সংগঠনও অংশ নিয়েছে। গত ১৯ মে ঢাকায় মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত এটাই ছিল বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি।