চট্টগ্রামের নির্বাচনে পক্ষপাত হলে আন্দোলন: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবার নির্বাচন কমিশনের জন্য আরেকটি পরীক্ষা। ১৭ জুনের এ নির্বাচনে কোনো পক্ষপাত হলে দেশে গণ-আন্দোলন শুরু হবে। তখন নির্বাচন কমিশনাররা পালানোর পথ খুঁজে পাবেন না।বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে গতকাল বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি আমার দেশ পত্রিকা বন্ধ ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানান। ২৭ জুনের হরতালে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।খালেদা জিয়ার প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্যে সরকার, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা ও বিটিভির কর্মীদের প্রতি নানা হুঁশিয়ারি উচ্চারণ করেন।গণ-অবস্থান কর্মসূচি সকাল ১০টা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত পালিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপি, চারদলীয় জোটভুক্ত দলগুলো এবং ছোট ডানপন্থী বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের নেতারা অবস্থান নেন। কর্মীরা অবস্থান নেন মঞ্চের সামনে ও ইনস্টিটিউশনের সামনের সড়কে। তাঁরা ২৭ জুনের হরতালের পক্ষে নানা স্লোগান দেন।খালেদা জিয়া অভিযোগ করেন, পিএসসিকে এড়িয়ে সরকার দলীয় লোকদের চাকরি দিচ্ছে। আর যোগ্য লোকদের ওএসডি করছে বা চাকরিচ্যুত করছে। বিএনপির কাছে এর তালিকা আছে। চাকরিচ্যুতদের পুনর্বহাল করা হবে। আর যেসব দলীয় লোককে চাকরি দেওয়া হয়েছে, তাদের বিদায় করা হবে।নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না। তাদের উচিত ব্যর্থতা স্বীকার করে নিয়ে পদত্যাগ করা। ভোলা উপনির্বাচনে তারা একটি দলের পক্ষ নিয়ে কাজ করেছে।’খালেদা জিয়া অভিযোগ করেন, দেশে এখন দুই রকমের বিচার চলছে। সরকারি দলের লোকেরা নিম্ন আদালতে যাওয়ার সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায়। আর বিএনপির লোকদের জামিন দেওয়া হয় না। হাইকোর্ট জামিন দিলেও অ্যাটর্নি জেনারেলের দপ্তর বা চেম্বার জজ তা আটকে দেন। বিচারপতিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।গোয়েন্দা সংস্থা ও বিটিভির প্রতি হুঁশিয়ারি: বিএনপির চেয়ারপারসন গোয়েন্দা সংস্থার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে উৎসাহী হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ধরছে, রিমান্ডে নিচ্ছে, তার পরিণতি ভালো হবে না। হয়তো একদিন আপনাদেরও রিমান্ডে নেওয়া হবে। এই দিন দিন না, আরও দিন আছে। এখনো সময় আছে। সাবধান হোন।’খালেদা জিয়া বলেন, ‘বিটিভিতে আমাদের নামে মিথ্যাচার করা হয়। যাঁরা এসব করছেন, এই সরকার বিদায় নিলে তাঁদের নিরাপত্তা দেবে কে? আমরা আপনাদের দেখে নেব।’সাক্ষী দিলে মাফ পাবেন সেনাসদস্যরা: বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিচার করার কথাও বলেন বিরোধীদলীয় নেত্রী। তিনি বলেন, ‘সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। মইন আর আরও কয়েকজন লোকের কারণে আপনারা সবাই দোষী হবেন না।... যদি আপনারা সাক্ষ্য দেন যে এরা জোর করে আপনাদের কাজ করতে বাধ্য করেছে, তাহলে আপনারা সবাই মাফ পাবেন।’আঘাত এলে পাল্টা আঘাত: খালেদা জিয়া বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি। এখন তারা আঘাত করলে, আমরা পাল্টা আঘাত করব। সরকারকে বলতে চাই, যদি পুরো সময় পার করতে চান; তাহলে গণতন্ত্র, আইন, সুবিচার, জনকল্যাণের পথে আসুন।’দ্রব্যমূল্য প্রসঙ্গ: খালেদা জিয়া বলেন, ‘আমরা ক্ষমতায় থাকতে তারা (আওয়ামী লীগ) কথায় কথায় বলত বাজারে আগুন। এখন বাজারের অবস্থা আগুনের চেয়ে বেশি কিছু। বিএনপির আমলে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল, এখন নেই। সরকারের লোকেরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।’বন্দর প্রসঙ্গ: চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার বিরোধিতা করে বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘চট্টগ্রাম আর মংলা বন্দর আমাদের নিজেদেরই প্রয়োজন বেশি। যে রাস্তা দিয়ে বন্দরে গাড়ি যাবে, তা দুর্বল। যদি বিদেশি গাড়ি এই রাস্তা দিয়ে চলে, তাহলে রাস্তা টিকবে না।’ ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণকাজ শুরু করে দিয়েছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।মানবতাবিরোধী অপরাধের বিচার: এ প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের কথা বলছেন, সে বিচার আপনাদের দল থেকে শুরু করেন। স্বাধীনতার পর বিরোধী দলের হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। এখনো প্রতিনিয়ত মানুষ হত্যা করে চলেছেন। সে বিচার একদিন হবে।’ বিডিআর বিদ্রোহের সঙ্গে সরকারের লোকজন জড়িত বলেও তিনি অভিযোগ করেন।