জামায়াত-শিবিরের তাণ্ডব
চট্টগ্রামের পাড়া-মহল্লায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটি হচ্ছে
মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামসহ সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডব বেড়েই চলছে। এতে জানমালের ব্যাপক ক্ষতিসহ নাগরিক জীবনে নেমে এসেছে আতঙ্ক। এই অবস্থায় চট্টগ্রাম মহানগর এলাকায় সর্বস্তরের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ওয়ার্ড ও পাড়ায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ কমিটির মাধ্যমে জামায়াত-শিবিরের তাণ্ডবের মোকাবিলা করা হবে বলে উদ্যোক্তারা জানান। উদ্যোক্তারা জানান, গত শুক্রবার রাতে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে স্থানীয় ১৪ দলের এক বৈঠকে সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে তৃণমূল পর্যায়ের স্থানীয় রাজনৈতিক নেতাদের এ কমিটির নেতৃত্ব দেওয়ার প্রস্তাব ওঠে।সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটিতে মসজিদের ইমাম, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, মহল্লার সর্দার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের গ্রহণযোগ্য ব্যক্তিদের রাখা হবে। সমাজবিজ্ঞানী ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন এই উদ্যোগকে সময়োচিত বলে মন্তব্য করে বলেন, দেশে যেভাবে হত্যা-লুণ্ঠন ও নৈরাজ্য চলছে, তা প্রতিরোধ করতে পারে কেবল জনগণ। এ জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তৃণমূল পর্যায়ের জনগণ তথা তরুণদের সংগঠিত করে খুন-নৈরাজ্যের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে চোরাগোপ্তা হামলা শুরু হয়েছে। স্বাধীনতাবিরোধী চক্র দেশের সম্পদ ধ্বংসের উল্লাসে মেতে উঠেছে। ওরা আমাদের মানচিত্র, পতাকা, শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর হিংস্র নখ বসাতে চায়। এই অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে আমরা ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছি, যেখানে ছাত্র-জনতা, শিক্ষক-বুদ্ধিজীবী, মসজিদের ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা থাকবেন।’উদ্যোক্তারা জানান, শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জুমা মসজিদে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন। প্রায় ১০০ মিটার দূরে কদম মোবারক মসজিদে জামায়াতবিরোধীরা একসঙ্গে জুমার নামাজ আদায়ের পর রাস্তায় নেমে আসেন। এরপর তাঁরা জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিয়ে আন্দরকিল্লা মসজিদের কাছাকাছি চলে যান, যে কারণে জামায়াত-শিবির বড় অঘটন ঘটানোর সুযোগ পায়নি। এভাবে নগরের প্রতিটি মসজিদ এবং পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরবিরোধী অবস্থান শক্ত করতে প্রক্রিয়া শুরু করেছে সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটি। উদ্যোক্তাদের অন্যতম খোরশেদ আলম বলেন, একাত্তরে জামায়াতে ইসলামী এবং মুসলিম লীগ পাকিস্তানি সরকারের সহায়তায় নিরস্ত্র বাঙালি নিধন শুরু করে। এখন জামায়াতের সঙ্গে বিএনপি হাত মিলিয়েছে। তবে বিএনপির অনেকে আছেন, যাঁরা জামায়াতকে পছন্দ করেন না। ওই অংশটি সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটিকে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। ফলে জামায়াত-শিবিরের নৈরাজ্য মোকাবিলা সহজ হবে।