পুলিশি হেফাজতে ‘মানিক’ নামের এক নৈশপ্রহরী নিহতের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মনিরুজ্জামানকে আগামী ১ জুন সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।১২ মে এই আদালত পুলিশ হেফাজতে মানিক নিহত হওয়ার ঘটনায় ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, চট্টগ্রামের পুলিশ কমিশনারকে তা লিখিত জানাতে নির্দেশ দেন। অতি দ্রুত নিহতের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করতেও চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়। একই সঙ্গে ওই ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক ইউনুস মিঞাকে ২৩ মে হাইকোর্টে হাজির হয়ে ঘটনা সম্পর্কে হলফনামা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয়ে গতকাল আদালতে হাজির হন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও খুলশী থানার পুলিশের উপপরিদর্শক ইউনুস মিঞা। তাঁদের মধ্যে ওসি সকাল থেকে দুপুর এবং উপপরিদর্শক বিকেল পর্যন্ত আদালতের নির্দেশে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন। দুজনই আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত ওসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। ইউনুস মিঞাকে আজও হাজির থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। অন্যদিকে নির্ধারিত সময়ে ঘটনা সম্পর্কে পুলিশ কমিশনারের প্রতিবেদন দাখিল না করার বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন রিটকারীর আইনজীবী। আদালত কমিশনারকে ১ জুন হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। চট্টগ্রামে পুলিশি নির্যাতনে মানিকের নিহত হওয়ার ঘটনা পত্রিকায় প্রকাশিত হলে এর অনুলিপি সংযুক্ত করে হাইকোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ রিটটি করেন।