চট্টগ্রামের পুলিশ কমিশনারকে হাইকোর্টের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের হেফাজতে ‘মানিক’ নামের একজন নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় আদালত অবমানার অভিযোগে চট্টগ্রামের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে আগামী ১ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ওই কমিশনারের প্রতি রুলও জারি করা হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা গেছে, ১২ মে ওই আদালত পুলিশ হেফাজতে মানিক নিহত হওয়ার ঘটনায় ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা লিখিত আকারে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে জানাতে নির্দেশ দেওয়া হয়। অতি দ্রুত নিহত ব্যক্তির সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে দাখিল করতে চট্টগ্রামের পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের বলা হয়। ওই ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউনুস মিয়াকে ২৩ মে হাইকোর্টে হাজির হয়ে ঘটনা সম্পর্কে হলফনামা দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়।কিন্তু নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয়ে আজ আদালতে হাজির হন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও খুলশী থানার এসআই ইউনুস মিয়া। আদালতে তাঁরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ওসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলেও ইউনুস মিয়াকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ বিষয়ে কাল আদেশ দেবেন আদালত। অন্যদিকে নির্ধারিত সময়ে নিহত হওয়ার ঘটনা সম্পর্কে পুলিশ কমিশনারের প্রতিবেদন দাখিল না করার বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন রিটকারী পক্ষ। এরই পরিপ্রেক্ষিতে আদালত কমিশনারকে ১ জুন হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন।চট্টগ্রামে পুলিশি নির্যাতনে মানিকের মৃত্যুর ঘটনা পত্রিকায় প্রকাশিত হলে এর অনুলিপি সংযুক্ত করে হাইকোর্টে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরশেদের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত ওই সব নির্দেশনা দেন।আজ আদালতে রিটকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ ও সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানি করেন।